দেশে হাইড্রোফ্লোরোকার্বন ব্যবহার কমানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিবছর ১০০ টন করে হাইড্রোফ্লোরোকার্বনের (এইচএফসি) ব্যবহার বাড়ছে। পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্তকারী এই পদার্থটির রেফ্রিজারেটর ও শীতাতপনিয়ন্ত্রণ-যন্ত্রে ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিকল্প পদার্থের প্রচলনের মাধ্যমে এর ব্যবহার কমিয়ে আনতে হবে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশে এইচএফসি ব্যবহারের প্রবণতা যাচাই করে তিন বছরের একটি জরিপের ফলাফল তুলে ধরতে ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, হাইড্রোফ্লোরোকার্বন কার্বন-ডাই-অক্সাইডের চেয়ে ১ হাজার ৩০০ গুণ বেশি বায়ুমণ্ডল উত্তপ্ত করে। ফলে এই পদার্থের ব্যবহার কমিয়ে আনতে বাংলাদেশকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তাঁরা।
কর্মশালায় বাংলাদেশে এইচএফসি ব্যবহারের প্রবণতা বিষয়ে জরিপ প্রতিবেদন তুলে ধরেন ইউএনডিপির এশিয়া অঞ্চলের পরিবেশ বিশেষজ্ঞ বালাজি নটরাজন। তিনি বলেন, বাংলাদেশে ২০১৪ সালে ৬১৭ মেট্রিক টন এইচএফসির ব্যবহার হয়েছে। প্রতিবছরই এর ব্যবহার গড়ে ১০০ টন করে বাড়ছে। বাংলাদেশ ইতিমধ্যে সফলভাবে ক্লোরোফ্লোরোকার্বনের (সিএফসি) ব্যবহার বন্ধ করেছে। কিন্তু এইচএফসির ব্যবহারের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে।
ইউএনইপির বিশেষজ্ঞ অংশু কুমার বলেন, এইচএফসির বিকল্প হিসেবে হাইড্রোকার্বন ও অ্যামোনিয়ার ব্যবহার বাড়ানো যেতে পারে, যা কম বায়ুমণ্ডল উত্তপ্তকারী।
কর্মশালায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বাংলাদেশে এইচএফসির ব্যবহার কমিয়ে আনার জন্য ইউএনডিপি ও ইউএনইপির সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল বলেন, এইচএফসির মতো জলবায়ু দূষণকারী গ্যাসের ব্যবহার কমাতে বাংলাদেশ সামনের দিনগুলোতে আরও উদ্যোগ নেবে।
পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী বলেন, বাংলাদেশ কালো কার্বনের ব্যবহার কমিয়ে আনার জন্য বন্ধু চুলার ব্যবহারে সফলতা পেয়েছে। গ্রামাঞ্চলে যেসব এলাকার মানুষ বন্ধু চুলার ব্যবহার করেছে, তাদের নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা কমে গেছে। এইচএফসির ব্যবহার কমিয়ে আনতেও বাংলাদেশ সফল হবে বলে তিনি আশা করেন।
ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক ফোর্ড বলেন, বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) পূরণে বেশ সফল হয়েছে। পরিবেশ রক্ষার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন। এইচএফসির ব্যবহার বন্ধেও বাংলাদেশ বিশ্বে অগ্রগামী দেশের তালিকায় নাম লেখাবে বলে তিনি আশা করেন।