দেশে ১ কোটি ৬০ লাখ প্রতিবন্ধী অধিকারবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় আলোচকেরা বলেছেন, সচেতনতার অভাব, পরিকল্পনায় অগ্রাধিকার না থাকা, আইন বাস্তবায়ন না হওয়া ও অপ্রতুল বরাদ্দের কারণে দেশের ১ কোটি ৬০ লাখ প্রতিবন্ধী মানুষ অধিকারবঞ্চিত হচ্ছেন। এই জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।
গতকাল বুধবার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং প্রতিবন্ধী: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এ কথা বলেন। বিআইএসএস মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ ও সিএসআইডি।
সভায় আলোচকেরা বলেন, প্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষায় সরকার জাতিসংঘের প্রতিবন্ধী সুরক্ষা সনদে স্বাক্ষর করেছে। প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন করেছে। তারপরও প্রতিবন্ধী মানুষগুলোর খারাপ অবস্থা।
সভায় মূল উপস্থাপনায় ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি রেজাউল হক বলেন, জাতিসংঘের ২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি পরিকল্পনায় প্রতিবন্ধীদের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
সভায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক শামসুল আলম বলেন, বাজেট প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব না। চলমান অর্থবছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা রাখা হয়েছে সামাজিক উন্নয়ন খাতে। এর মধ্যে ৩৬০ কোটি টাকা রাখা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। সেটাও পরিকল্পনামাফিক রাখা হয়নি।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি হিসেবে মিষ্টি আক্তার, সালমা মাহবুব বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় ডিজঅ্যাবিলিটি কাউন্সিল ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য মনসুর আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, অ্যাকশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ্ কবির প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।