দেশে ১ লাখ ৪৫ হাজার সরকারি পদ শূন্য রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে বিভিন্ন জায়গায় সরকারি শূন্য পদের সংখ্যা এক লাখ ৪৫ হাজার। এর মধ্যে তৃতীয় শ্রেণীর শূন্য পদের সংখ্যা ৯৮ হাজার ৬৯টি এবং চতুর্থ শ্রেণীর শূন্য পদের সংখ্যা ৪৬ হাজার ৯৩১টি। এসব শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা বিভাগ বা দপ্তর থেকে চাহিদাপত্র পাঠানোর পর সরকার নিয়োগের ছাড়পত্র দিতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে নেত্রকোনার সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের লিখিত এক প্রশ্নের জবাবে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে এ তথ্য জানান। এর আগে চার দিন বিরতির পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন গতকাল বিকেল সোয়া তিনটায় আবার শুরু হয়। তিন জিরাফের মৃত্যু: জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে মত্স্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, বার্ধক্যজনিত কারণে ঢাকা চিড়িয়াখানায় গত সপ্তাহে তিনটি জিরাফের মৃত্যু হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আকস্মিকভাবে এভাবে জিরাফের মৃত্যুর কারণে মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে দেখা যায়, আফ্রিকা থেকে এসব জিরাফ আনাই হয়েছিল বেশি বয়সে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা চিড়িয়াখানায় দুই হাজার ৯০টি বিভিন্ন প্রজাতির পশুপাখি রয়েছে। এসব পশুপাখির পরিচর্যা ও চিকিত্সা ব্যবস্থা আধুনিক করার জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশ থেকে চিড়িয়াখানায় কোনো বিরল প্রাণী আনার পরিকল্পনা সরকারের নেই। মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের ফেরত আনা হবে: ময়মনসিংহের সাংসদ মতিউর রহমানের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ঘাতকদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। বাকি মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা বিভিন্ন দেশে পালিয়ে আছেন। সরকার তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। দেশে আনার পরই তাঁদের সাজা কার্যকর করা হবে।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের রায় কার্যকর করার মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।