রাষ্ট্রীয় আইন অমান্য করে গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ৫৪টি ফতোয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশ মহিলা পরিষদ গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এভাবে ফতোয়া দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া বক্তারা।নারী নির্যাতনের পরিস্থিতি ও প্রতিরোধ পক্ষের অনুষ্ঠানসূচি জানানোর উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নারী নির্যাতন প্রতিরোধে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন বক্তারা। তাঁরা নারী নির্যাতন প্রতিরোধে পুরুষদের এগিয়ে আসারও আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মাকসুদা আক্তার। লিখিত বক্তব্যে দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণ, গণধর্ষণ, যৌন নির্যাতন, বাল্যবিবাহ, পুলিশি নির্যাতনসহ দেশে মোট পাঁচ হাজার ৮৩৯টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। এর মধ্যে ফতোয়ার ঘটনা ছিল ৫৪টি।সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বেআইনি সালিসে বিচারবহির্ভূত শাস্তি দেওয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন’ আহ্বানে মহিলা পরিষদ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন করবে। পরিষদের ৬০টি জেলা ও এক হাজার ৭৮৬টি তৃণমূল শাখায় এ কর্মসূচি পালিত হবে। বেআইনি ফতোয়া ও সালিসের মাধ্যমে বিচারবহির্ভূত শাস্তি বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য এ সময় বিভিন্ন উদ্যোগের পাশাপাশি টেলিভিশনেও প্রচারণা চালাবে পরিষদ।পরিষদের সভাপতি আয়শা খানম এই পক্ষ পালনের মধ্য দিয়ে জনমত গঠন, নারী নির্যাতন প্রতিরোধ ও নারী-পুরুষের সমতার সংস্কৃতি গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পিতৃতান্ত্রিক সমাজ ও পরিবার কাঠামো এবং মূল্যবোধের অবক্ষয়ে আজও দেশে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আশানুরূপ অগ্রগতি অর্জন সম্ভব হয়নি।সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের মাসুদা রেহানা বেগম, রামলাল রাহা, দীপ্তি রানী শিকদার, শাহানা কবীর প্রমুখ।