বাংলাদেশে ১১০টি শিশুর মধ্যে একটি অটিস্টিক হিসেবে জন্ম নেয়। আবার কন্যাশিশুদের তুলনায় ছেলেদের এ হার কিছুটা বেশি। এ ক্ষেত্রে প্রতি ৭০টি ছেলেশিশুর একটি অটিস্টিক হিসেবে জন্ম নেয়।গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের জামালখানের সিনিয়রস ক্লাবে আয়োজিত ‘অটিজম ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মত ব্যক্ত করেন। অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রাম গোলবৈঠকের আয়োজন করে।বৈঠকে বলা হয়, ‘অটিস্টিক শিশুরা আত্মনিমগ্ন হয়। তারা নিজেদের মধ্যে নিজেদের গুটিয়ে রাখে। আমাদের এসব শিশুর পাশে দাঁড়াতে হবে। তাদের পাড়াশোনা, চিকিৎসা, বেড়ে ওঠাসহ জীবনধারণের প্রতিটি ক্ষেত্রে সমাজের মূলধারার সঙ্গে যুক্ত রাখতে হবে। তাহলে তারা অনেটাই সুস্থ থাকবে। এ কাজে সমাজ ও রাষ্ট্রের সার্বিক সহযোগিতা প্রয়োজন।’ গোলটেবিলে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত। তিনি অটিস্টিক শিশুদের স্বাস্থ্য-চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেন। অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের জ্যেষ্ঠ সহসভাপতি তৌফিকুল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। মূল প্রতিবেদন পড়েন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের বাসনা মুহুরী।বৈঠকে আলোচক ছিলেন বিএসএমএমইউর সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনের প্রোগ্রাম কো-অর্ডিনেশন পরিচালক শাহিন আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, বিএমএর সভাপতি শেখ শফিউল আযম, চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি মাহবুবুল আলম, প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসিনা খান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদুল আলম প্রমুখ।