দেশে ১৫ বছরে ম্যালেরিয়ার প্রকোপ ৭৫ শতাংশ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গত ১৫ বছরে ম্যালেরিয়ার প্রকোপ কমেছে ৭৫ শতাংশের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘বৈশ্বিক ম্যালেরিয়া প্রতিবেদন, ২০১৫’-তে এ তথ্য দেওয়া হয়েছে। ডব্লিউএইচও গতকাল বুধবার এই বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বের ১০৬টি ম্যালেরিয়াপ্রবণ দেশের মধ্যে ৫৭টি দেশ নতুন করে ম্যালেরিয়ার সংক্রমণ অন্তত ৭৫ শতাংশ কমিয়ে ফেলেছে। এ সময়ে ১৮টি দেশ রোগীর সংখ্যা কমিয়েছে ৫০ থেকে ৭৫ শতাংশ।
ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ বাংলাদেশ। এ অঞ্চলে গত ১৫ বছরে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ২৯ লাখ থেকে কমে ১৬ লাখে দাঁড়িয়েছে। এ অঞ্চলে বাংলাদেশ ছাড়াও ভুটান, উত্তর কোরিয়া, নেপাল, পূর্ব তিমুর ও শ্রীলঙ্কা ৭৫ শতাংশের বেশি ম্যালেরিয়ার রোগী কমিয়েছে। কীটনাশকে জারিত মশারি ও মশা নিধন কর্মসূচি বাস্তবায়নের ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
বাংলাদেশে সব সময়ই ম্যালেরিয়ার ঝুঁকিতে আছে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা। ম্যালেরিয়ার প্রকোপ দূর করতে বাংলাদেশ যথেষ্ট ব্যয় করেছে। ২০০৭ সালে এ-সংক্রান্ত ব্যয়ের বেশির ভাগটাই বৈশ্বিক নানা উৎস থেকে এলেও ২০১০ সাল থেকে সরকারি আর্থিক সহায়তার পরিমাণ বাড়ছে।
কম মূল্যের ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই ম্যালেরিয়ার সংক্রমণ রোধ সম্ভব হয়েছে। ২০০০ সাল থেকে সাব সাহারা আফ্রিকায় ১০০ কোটি কীটনাশকে জারিত মশারি বিতরণ করা হয়েছে। এখন এ অঞ্চলের ৫৫ শতাংশ মানুষ এই মশারির নিচে ঘুমায়। ২০০০ সালে মশারির নিচে ঘুমানো মানুষের সংখ্যা ছিল মাত্র ২ শতাংশ। দ্রুততার সঙ্গে ম্যালেরিয়া পরীক্ষার পদ্ধতির সম্প্রসারণে ম্যালেরিয়া শনাক্ত করা এখন অনেক সহজ হয়েছে।
প্রতিবেদন বলছে, ম্যালেরিয়ার প্রকোপ কমানোর ক্ষেত্রে বৈশ্বিক অর্জন থাকলেও এখনো বিশ্বের ৩২০ কোটি মানুষ বা প্রায় অর্ধেক মানুষ ম্যালেরিয়ার উচ্চ ঝুঁকিতে আছে। এ বছরই ম্যালেরিয়ায় ২১ কোটি মানুষ আক্রান্ত হয়েছে। ম্যালেরিয়ায় এ বছর মারা গেছে ৪ লাখ ৩৮ হাজার মানুষ।