দেশে ১৮ শতাংশ শিশু মানসিক রোগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ১৮ দশমিক ৩৫ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। গতকাল শনিবার তিন দিনব্যাপী আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্যবিষয়ক সম্মেলনের শেষ দিনে বাংলাদেশের শিশুদের নিয়ে এক জরিপ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ‘শিশু মানসিক স্বাস্থ্য জরিপ-২০০৯’ শীর্ষক এই জরিপ করেছে। সম্মেলনে জরিপ প্রতিবেদনটি উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিত্সক ফারুক আলম। জরিপে দেখা গেছে, মেয়েশিশুর (১৭.৪৭ শতাংশ) তুলনায় ছেলেশিশুদের মধ্যে (১৯.২১ শতাংশ) মানসিক রোগের প্রকোপ বেশি। জরিপে শহর ও গ্রামের তথ্যও আলাদাভাবে দেওয়া হয়েছে। তাতে দেখা যায়, শহরের (১৪.৩১ শতাংশ) চেয়ে গ্রামের (১৭.৫০ শতাংশ) শিশুরা মানসিক রোগে বেশি আক্রান্ত হয়।বাংলাদেশের শিশুদের মধ্যে ২১ ধরনের মানসিক রোগের সন্ধান পেয়েছেন গবেষকেরা। এর মধ্যে আছে বিষণ্নতা, অতিচঞ্চলতা, বিছানায় প্রস্রাব করা, অবাধ্যতা, উদ্বেগ-উত্কণ্ঠা, ভয় ইত্যাদি। এর মধ্যে বিছানায় প্রস্রাব করার হার (৩.০৩ শতাংশ) সবচেয়ে বেশি।জরিপে দেখা গেছে, দেশের ৩ দশমিক ৮১ শতাংশ শিশু মানসিক প্রতিবন্ধী। মৃগীরোগে আক্রান্ত ২ দশমিক শূন্য ২ শতাংশ শিশু। আর এই বয়সী শিশুদের দশমিক ৭৮ শতাংশ মাদকাসক্ত।ঢাকা বিভাগের সব কটি জেলার চার হাজার ৬৮১ জন শিশুর ওপর জরিপটি পরিচালনা করা হয়েছে। ৫০টি জরিপ এলাকার (ক্লাস্টার) উত্তরদাতাদের মধ্যে অর্ধেক গ্রামের, বাকি অর্ধেক শহরের। ২০০৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই জরিপ করা হয়।গবেষক দলের সদস্য হেলাল উদ্দিন আহমেদ বলেন, বংশগতির (জিন) কারণে অনেকে মানসিক রোগে আক্রান্ত হয়। পারিবারিক এবং সামাজিক-পারিপার্শ্বিক কারণে অনেক শিশু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া শরীর গঠনের সময় কোনো ধরনের বাধা পড়লে পরিণতিতে শিশু মানসিক রোগগ্রস্ত হতে পারে।জরিপ ফলাফল উপস্থাপন করার সময় বলা হয়, দেশে দক্ষ ও প্রশিক্ষিত শিশু মনোরোগ বিশেষজ্ঞের অভাব রয়েছে। সুপারিশে বলা হয়, জেলা হাসপাতালে শিশুর মানসিক স্বাস্থ্য চিকিত্সার ব্যবস্থা করা, পাঠ্যপুস্তকে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তির বিষয় অন্তর্ভুক্ত করা দরকার। এ ছাড়া মানসিক রোগের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কথাও বলা হয়। আয়োজকেরা জানান, ২৩টি দেশের ৬৯ জন মনোবিজ্ঞানী ও মানসিক রোগচিকিত্সক এই সম্মেলনে যোগ দেন। এ ছাড়া দেশের প্রায় ১৫০ জন চিকিত্সক এতে যোগ দেন।গত শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনের এক বিশেষ অধিবেশনে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, মানসিক রোগীদের সমাজের মধ্যে রেখে চিকিত্সার ধারণাকে সমর্থন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিনি বলেন, তুলনামূলক বিবেচনায় বাংলাদেশের জন্য এ ব্যবস্থা হয়তো ভালো।ওই একই অধিবেশনে ‘বিষণ্নতা’ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বিশ্ব মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অধ্যাপক মারিও মেজ।