দেশে ২ লাখ ৩৩ হাজার শরণার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বর্তমানে শরণার্থী হিসেবে এবং শরণার্থীর মতো অবস্থায় আছে প্রায় ২ লাখ ৩৩ হাজার মানুষ। এর বিপরীতে বিভিন্ন দেশে শরণার্থী ও শরণার্থীর মতো অবস্থায় এবং আশ্রয়-প্রার্থনা ঝুলন্ত অবস্থায় থাকা বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৩৯ হাজারের কিছু বেশি। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মধ্যবার্ষিক এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
যুদ্ধবিগ্রহসহ নানা কারণে বিশ্বব্যাপী মানুষের উদ্বাস্তু হওয়ার ঘটনা নিয়ে ‘মিড-ইয়ার ট্রেন্ডস-২০১৫’ শীর্ষক প্রতিবেদনটি গতকাল শুক্রবার ইউএনএইচসিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন মতে, বাংলাদেশে থাকা শরণার্থীদের মধ্যে দুই লাখ মিয়ানমারের নাগরিক, যারা এখানে শরণার্থীর মতো অবস্থায় রয়েছে। আর বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, দেশে তিন থেকে পাঁচ লাখ শরণার্থী রয়েছে।
বিশ্বব্যাপী মানুষের উদ্বাস্তু হওয়ার বর্তমান এই ‘প্রবণতা’ তুলে ধরার পাশাপাশি প্রতিবেদনে দুটি সারণি প্রকাশ করা হয়েছে। এর একটিতে বর্তমানে কোন দেশে কতসংখ্যক মানুষ শরণার্থী বা শরণার্থীর মতো অবস্থায় রয়েছে, তার পাশাপাশি সেই দেশে কতজনের আশ্রয়ের প্রার্থনা ঝুলন্ত অবস্থায় আছে, তার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। অন্য সারণিতে কোন দেশের কতজন অন্য দেশে শরণার্থী ও শরণার্থীর মতো অবস্থায় রয়েছে এবং কতজনের আশ্রয়ের প্রার্থনা ঝুলন্ত অবস্থায় আছে, তার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। মূলত বিভিন্ন দেশের সরকারের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে ইউএনএইচসিআর।
প্রতিবেদন মোতাবেক, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশে শরণার্থী হিসেবে রয়েছে অন্য দেশের ৩২ হাজার ৯৭৫ জন। আর শরণার্থীর মতো অবস্থায় আছে দুই লাখ। এর বাইরে ১১ জনের আশ্রয় প্রার্থনা ঝুলন্ত অবস্থায় আছে। এর মধ্যে ৩২ হাজার ৯৭৫ জন শরণার্থী ইউএনএইচসিআরের সহায়তা পেয়েছে।
প্রতিবেদন অনুসারে, একই সময়ে বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে রয়েছে বাংলাদেশের ১১ হাজার ১০৮ নাগরিক। শরণার্থীর মতো অবস্থায় আছে একজন। এ ছাড়া বিভিন্ন দেশে ২৮ হাজার ১৫০ জনের আশ্রয় প্রার্থনার বিষয়টি ঝুলন্ত অবস্থায় আছে। এসব বাংলাদেশির মধ্যে ২১২ জনকে সহায়তা দিয়েছে ইউএনএইচসিআর।
উদ্বাস্তু বৃদ্ধির প্রবণতা নিয়ে উদ্বেগ: প্রতিবেদনে বিশ্বব্যাপী মানুষের উদ্বাস্তু হওয়ার বর্তমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইউএনএইচসিআর সতর্ক করে দিয়ে বলেছে, যুদ্ধবিগ্রহসহ নানা কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে যে হারে উদ্বাস্তু বেড়েছে, তাতে করে ২০১৫ সাল অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী শরণার্থীর সংখ্যা এক বছর আগেও ছিল ১ কোটি ৯৫ লাখ। চলতি বছরের মাঝামাঝিতে এসে এই সংখ্যা পৌঁছে গেছে ২ কোটি ২০ লাখে। ১৯৯২ সালের পর এই প্রথম বিশ্বব্যাপী শরণার্থীর সংখ্যা দুই কোটির গণ্ডি পেরোল। এদিকে গত বছরের প্রথম ছয় মাসে যে সংখ্যক আশ্রয়প্রার্থীর আবেদন জমা পড়েছিল, এ বছরের একই সময়ে তা ৭৮ শতাংশ (৯ লাখ ৯৩ হাজার ৬০০) বেড়েছে। আর নিজ দেশের ভেতরেই উদ্বাস্তু হয়ে পড়া মানুষের সংখ্যা ২০ লাখ বেড়ে আনুমানিক ৩ কোটি ৪০ লাখে পৌঁছেছে।
নতুন করে শরণার্থী হওয়া মানুষের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে নতুন করে ৮ লাখ ৩৯ হাজার মানুষ শরণার্থী হয়েছে। এর অর্থ, প্রতিদিন প্রায় ৪ হাজার ৬০০ মানুষকে নিজ দেশ ছাড়তে হয়েছে।
ইউএনএইচসিআর বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে যে ইঙ্গিত পাওয়া গেছে, তাতে এই আভাসই পাওয়া যায়—এই প্রথম বিশ্ব ছয় কোটির বেশি উদ্বাস্তু দেখতে যাচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে এর অর্থ—প্রতি ১২২ জনে একজন নিজের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।