জাতীয় জরিপে দেখা গেছে, দেশে প্রতিবছর ২২ দশমিক ৬ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করছে। বিশ্বে যেসব দেশে কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুর হার বেশি, বাংলাদেশ তার অন্যতম। দেশে এমন শিশুর জন্ম সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, কম রাজশাহী বিভাগে।
অবশ্য জরিপে দেখা গেছে, দেশে কম ওজন নিয়ে জন্মানো শিশুর হার কমছে। গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই জরিপ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। ‘কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের ওপর জাতীয় জরিপ, বাংলাদেশ ২০১৫’ (ন্যাশনাল লো বার্থ ওয়েট সার্ভে বাংলাদেশ ২০১৫) শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করেছে সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, কম ওজন নিয়ে জন্মানো শিশুর বৃদ্ধিবৃত্তিক বিকাশ কম হয়। এসব শিশু পরিণত বয়সে ডায়াবেটিস (টাইপ-২), উচ্চরক্তচাপ ও হৃদ্রোগে ভোগে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড উদ্ধৃত করে বলা হয়েছে, জন্মের সময় নবজাতকের ওজন ২ হাজার ৫০০ গ্রামের কম হলে তা ‘লো বার্থ ওয়েট’ বা ‘কম জন্ম ওজন’। এ ধরনের শিশুদের মৃত্যুর ঝুঁকি স্বাভাবিক শিশুদের তুলনায় চারগুণ বেশি।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘অপুষ্ট শিশু কমাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে কোনো রাজনীতি নেই, রাজনীতি থাকা উচিত না।’ তিনি বলেন, পুষ্টি পরিস্থিতির উন্নতি করতে হলে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক।
অনুষ্ঠানের সভাপতি স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম বলেন, প্রায় ১৫ বছর আগে কম জন্ম ওজন নিয়ে জন্মানো শিশু ছিল ৩৫ শতাংশ। এ ধরনের শিশুর হার কমছে। এতে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। কারণ, ২২ দশমিক ৬ শতাংশের অর্থ হচ্ছে এখনো বহু শিশু কম ওজন নিয়ে জন্মাচ্ছে।
অনুষ্ঠানে জরিপের মূল বিষয়গুলো উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সোশ্যাল সেক্টর ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম জাকির হোসেন। জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অপুষ্টির শিকার মাকে গর্ভাবস্থায় বেশি খাওয়ালেও তা শিশুর কোনো উপকারে আসে না। তাই উচিত হচ্ছে কিশোরীর অপুষ্টি দূর করা।
২০১৫ সালের মে থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত ৬৪ জেলার সাড়ে চার হাজার গর্ভবতী মায়ের ও তাঁদের নবজাতকের ওপর এই জরিপ করা হয়। এই সময়ে বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া ১১৮ জন তথ্য সংগ্রহকারী নিয়মিতভাবে এসব মায়ের স্বাস্থ্য পরীক্ষা এবং পরবর্তী সময়ে নবজাতকের তথ্য সংগ্রহ করেন। পরবর্তী তিন মাস সেই তথ্য-উপাত্ত একত্রীকরণ ও বিশ্লেষণ করা হয়। এই ধরনের জরিপ প্রথম হয়েছিল ২০০৩-০৪ সালে।
জরিপের মূল বিষয়গুলোর উপস্থাপক জাকির হোসেন বলেন, ছেলে না মেয়েশিশু, গর্ভাবস্থায় জটিলতা, গর্ভাবস্থার শুরুতে মায়ের ওজন, আর্থিক অবস্থা, গর্ভাবস্থায় মায়ের বিশ্রামের পরিমাণ, মানসিক শান্তি, প্রসবের স্থান—এসব বিষয়ের সঙ্গে কম ওজনের শিশু জন্মানোর সম্পর্ক আছে।
অনুষ্ঠানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমা শাহীন প্রথম আলোকে বলেন, ‘জরিপটি গুরুত্বপূর্ণ ও দরকারি। কম ওজনে জন্ম বিষয়ে ভিত্তিমূলক তথ্যের দরকার ছিল। এই জরিপ থেকে তা পাওয়া গেছে। এই জরিপের তথ্য নীতিগত সিদ্ধান্তগ্রহণে এবং কার্যপরিকল্পনা প্রণয়নে কাজে লাগবে।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা) রোকসানা কাদের বলেন, পরিস্থিতির উন্নতির জন্য জীবনের প্রথম এক হাজার দিনের ওপর জোর দিতে হবে। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘কিশোরী স্বাস্থ্যর উন্নতি হলে কম ওজনের শিশুর হার কমবে।’