দেশে ২৫ বছরে মাতৃমৃত্যু হার ৭০ শতাংশ কমেছে
বাংলাদেশে গত ২৫ বছরে মাতৃমৃত্যুর হার কমেছে প্রায় ৭০ শতাংশ। ‘মাতৃমৃত্যুর প্রবণতা: ১৯৯০ থেকে ২০১৫’ (ট্রেন্ডস ইন মেটার্নাল মর্টালিটি: ১৯৯০ টু ২০১৫) শীর্ষক বৈশ্বিক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল, জাতিসংঘ জনসংখ্যা বিভাগ এবং বিশ্বব্যাংক যৌথভাবে এই প্রতিবেদন তৈরি করেছে।
গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গর্ভাবস্থায়, সন্তান জন্মদানের সময় এবং সন্তান জন্মের ছয় সপ্তাহের মধ্যে মায়ের মৃত্যু হলে সেটাই ‘মাতৃমৃত্যু’।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে বৈশ্বিকভাবে মাতৃমৃত্যুর হার কমেছে ৪৪ শতাংশ। ১৯৯০ সালে বিশ্বে ৫ লাখ ৩২ হাজার মা মারা যেতেন। এক লাখ শিশুর জন্ম দিতে গিয়ে ৩৮৫টি মাতৃমৃত্যুর ঘটনা ঘটত। এ বছর মোট মৃত্যুর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজারে। আর মাতৃমৃত্যু হার হয়েছে ২১৬।
প্রতিবেদন বলছেন, বাংলাদেশে ১৯৯০ সালে প্রতি এক শিশুর জন্ম দিতে গিয়ে ৫৬৯ মায়ের মৃত্যু হতো। এ বছর তা কমে দাঁড়িয়েছে ১৭৬-এ। প্রতিবছর ৪ দশমিক ৭ শতাংশ হারে মাতৃমৃত্যু কমেছে। ২৫ বছরে কমেছে ৬৯ দশমিক ১ শতাংশ।
মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বৈশ্বিক প্রবণতার হারের চেয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকলেও এ বিষয়ে জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। লক্ষ্যমাত্রা অনুযায়ী মাতৃমৃত্যুর হার অন্তত ৭৫ শতাংশ কমিয়ে আনার কথা ছিল। মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এমডিজির লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বাংলাদেশ এ বিষয়ে উন্নতি করছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
বিশ্বের মাত্র নয়টি দেশ মাতৃমৃত্যু কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান ও মালদ্বীপ রয়েছে। গত ২৫ বছরে মালদ্বীপ মাতৃমৃত্যুর হার কমিয়েছে ৯০ শতাংশ আর ভুটান ৮৪ দশমিক ৩ শতাংশ। অন্য দেশগুলো হচ্ছে কম্বোডিয়া, ইরান, কেপ-ভার্দে, লাওস, মঙ্গোলিয়া, রুয়ান্ডা ও তিমুর লেসতে।
এই সময়ে দক্ষিণ এশিয়ার বড় দেশ ভারতে মাতৃমৃত্যু কমেছে ৬৮ দশমিক ৭ শতাংশ আর পাকিস্তানে ৫৮ দশমিক ৭ শতাংশ। মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পাকিস্তান সবচেয়ে পিছিয়ে আছে। শ্রীলঙ্কায় ১৯৯০ সালে মাতৃমৃত্যুর হার ছিল মাত্র ৭৫, এখন তা ৩০। দক্ষিণ এশিয়ায় এ হার সর্বনিম্ন।