দেশে ৬৪ শতাংশ নারী বাল্যবিবাহের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রতিবছর ৬৪ শতাংশ নারী বাল্যবিবাহের শিকার। অন্যদিকে পাশের দেশ ভারতে এর হার ৪৭ শতাংশ এবং নেপালে ৪১ শতাংশ। ২০ থেকে ২৪ বছর বয়সের বিবাহিত নারীদের মধ্যকার এক জরিপ থেকে এ তথ্য বের হয়ে আসে।
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি স্থানীয় হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে জরিপের এ ফলাফল উপস্থাপন করা হয়। প্ল্যান বাংলাদেশ ও আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও আন্তর্জাতিক নারী গবেষণা কেন্দ্রের (আইসিআরডব্লিউ) যৌথভাবে পরিচালিত শিশুবিবাহ প্রতিরোধে গবেষণার জন্য এ জরিপ করা হয়।
গবেষণা প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশে বাল্য বিবাহিত নারীদের মধ্যে ৮৬ শতাংশই অশিক্ষিত। আর ২৬ শতাংশ নারী মাধ্যমিক শিক্ষা পর্যায় বা আরেকটু উচ্চশিক্ষার সুযোগ পান। সেটিও পারিবারিক আবহাওয়ার ওপর ভিত্তি করে।
বাংলাদেশে বাল্যবিবাহের উদ্বেগজনক হার দক্ষিণ এশীয় দেশগুলোকেও ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, মহাজোট সরকার শিশু সুরক্ষায় বদ্ধপরিকর। কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রডেন বাল্যবিবাহ রোধে সরকার ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্ল্যান ইন্টারন্যাশনালের এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্ক পিয়ার্স দেশজুড়ে প্রচারণামূলক কর্মকাণ্ড বিষয়ে প্রতিমন্ত্রীকে জানান।
এ সময় পাঁচ শিশু সংগঠক—নীলফামারির কেশব রায় ও আরজিনা বেগম, ঢাকার অলি আহমেদ ও তামান্না আখতার জিন্নাত এবং গাজীপুরের রুমা বেগম নিজ নিজ এলাকার কাজ ও অভিজ্ঞতা বর্ণনা করেন।
অনুষ্ঠানের শেষে নীলফামারীর কেশব রায়কে ‘ইউএন ইউথ কারেজ অ্যাওয়ার্ড ফর এডুকেশন’ পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।