দেশে ‘এ’ শ্রেণীর বিদ্যালয় ২৪৫৫টি, অকার্যকর ১৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন মাধ্যমিক শিক্ষা স্তর উন্নয়ন প্রকল্পের (এসইএসডিপি) আওতায় সারা দেশে ১৭ হাজার ৮৭৩টি মাধ্যমিক বিদ্যালয়ের স্ব-মূল্যায়ন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান নিজ প্রতিষ্ঠান সম্পর্কে এ মূল্যায়ন করেন।মূল্যায়ন প্রতিবেদনে দেখা যায়, দুই হাজার ৪৫৫টি বিদ্যালয় ‘এ’ শ্রেণী অর্থাৎ অতি উত্তম এবং ১৫৩টি ‘ই’ শ্রেণীর বা অকার্যকর। বাকি বিদ্যালয়গুলোর মধ্যে আট হাজার ৮৯৭টি ‘বি’ (ভালো), চার হাজার ৭৪৯টি ‘সি’ (মধ্যম) এবং এক হাজার ৬১৯টি ‘ডি’ (দুর্বল) শ্রেণীর।গত রোববার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) অনুষ্ঠিত কর্মশালায় ‘মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক স্ব-মূল্যায়ন’ শীর্ষক এই মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় অন্য কর্মকর্তারা এই মূল্যায়ন পদ্ধতির সমালোচনা করেন।প্রতিবেদন উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সিরাজুল হক। এতে জানানো হয়, সাতটি মূলসূচক ও ৪৫টি উপসূচকের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্ধারিত ফরম পূরণ করে স্ব-মূল্যায়ন করেন।ঢাকায় ৪৪৬টি, রাজশাহীতে ২৫০টি, বরিশালে ১৪৪টি, চট্টগ্রামে ২২১টি, কুমিল্লায় ২০৮টি, খুলনায় ৪৯৩টি, ময়মনসিংহে ২৪৩টি, রংপুরে ৩৬১টি ও সিলেটে ৮৯টি বিদ্যালয় ‘এ’ শ্রেণীতে রয়েছে। তবে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ‘বি’ শ্রেণীতে।কর্মশালায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এই মূল্যায়ন নিয়ে সীমাবদ্ধতা থাকতে পারে। এ ধরনের কাজ যেহেতু প্রথম, তাই সাবজেক্টিভ হয়েছে। তবে উদ্যোগকে অভিনন্দন জানাই। এতে প্রতিটি বিদ্যালয় সম্পর্কে পরিমাপ করতে পারব।’শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মূল্যায়নের পদ্ধতি সঠিক হয়নি। এটা সাবজেক্টিভ হয়ে গেছে। বস্তুনিষ্ট হওয়া দরকার ছিল। এসইএসডিপির কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সুবিবেচনাপ্রসূত কাজ হয়নি। মূল্যায়ন ফরমের পাতায় পাতায় সমস্যা। সূচকগুলোও ঠিক নয়।অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক বলেন, ‘এই মূল্যায়নে একটা ধারণা পাওয়া গেল। কিন্তু পুরোপুরি আশ্বস্ত হতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে অতি মূল্যায়িত হয়েছে।’ আরেক অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীও মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদের সভাপতিত্বে কর্মশালায় এসইএসডিপির পরিচালক রতন কুমার রায়সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।