বিশেষজ্ঞরা বলছেন, দেশে বছরে সাড়ে পাঁচ হাজার ‘ডাউন শিশু’ জন্মায়। দেশে প্রায় দুই লাখ মানুষ এই রোগে ভুগছে। এরা ‘প্রতিবন্ধী’ হিসেবে বেঁচে আছে। রোগটির মোকাবিলায় সরকারি বা বেসরকারি পর্যায়ে তেমন কোনো উদ্যোগ নেই।
গতকাল শনিবার ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষজ্ঞরা এ কথা বলেন। বাংলাদেশ ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েশন বিএমএ ভবনে এই আলোচনা সভার আয়োজন করে। এ বছর দিবসটির স্লোগান ছিল, ‘আমার সুযোগ, আমার পছন্দ—পরিপূর্ণ উপভোগে চাই সমঅধিকার’। আলোচকেরা বলেন, সঠিক যত্ন, পুষ্টিকর খাবার, কথা বলা ও ভাষা শেখার প্রশিক্ষণ ও ফিজিক্যাল থেরাপি দিলে এরা অনেকটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, আমদা বাংলাদেশ ও কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল একটি আলোচনা সভার আয়োজন করে।
চিকিৎসকেরা বলেন, মানবদেহে ডিএনএ বা ক্রোমোজমের অসামঞ্জস্য দেখা দিলে নানা রকম শারীরিক ও মানসিক ত্রুটি দেখা দেয়। ডাউন সিনড্রোম বা ডাউন শিশু মূলত জন্মগত ত্রুটিযুক্ত শিশু। এই শিশুদের মাংসপেশির শিথিলতা, কম উচ্চতা, চোখের কোনা ওপরের দিকে ওঠানো, চ্যাপ্টা নাক, ছোট কান, হাতের তালুতে একটি মাত্র রেখা ও জিব বের হয়ে থাকা ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যায়।
দিবসটি পালন উপলক্ষে গত শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় ফ্যামিলি ফাউন্ডেশন ও ডিএনএ সলিউশন লিমিটেড যৌথভাবে এ সভার অয়োজন করে। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের শিক্ষক রেজাউল করিম কাজল বলেন, সাধারণত নারী যত বেশি বয়সে মা হবেন, তাঁর ডাউন শিশু জন্মানোর আশঙ্কা তত বেশি। বিশেষত ৩৫ বছর বয়সের পর ঝুঁকি বাড়তে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান শরীফ আখতারুজ্জামান বলেন, যেসব মায়ের বারবার গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ইতিহাস আছে, তাঁদের ডিএনএ পরীক্ষা করে দেখা উচিত।