দেশেই অস্থিমজ্জা প্রতিস্থাপন শুরু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার আনুষ্ঠানিকভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র চালু হচ্ছে। রক্ত ক্যানসারের আধুনিক চিকিৎসার এই আয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশে প্রথম। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চিকিৎসাসেবার ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য ঘটনা।
রক্ত ক্যানসার চিকিৎসার জন্য গত পরশু একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মচারীর শরীর থেকে স্টেম সেল সংগ্রহ করেছেন চিকিৎসকেরা। দেশে প্রাপ্তবয়স্কদের শরীর থেকে স্টেম সেল সংগ্রহ করার ঘটনা এটাই প্রথম। গতকাল শনিবার দুজন রোগীর শরীর থেকে স্টেম সেল নেওয়া হয়েছে। আজও দুজনের নেওয়ার কথা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বলা যায় দেশে অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন) শুরু হয়ে গেছে।’
অস্থিমজ্জা প্রতিস্থাপনের এই কেন্দ্র ঢাকা মেডিকেলের নতুন ভবনের (হাসপাতাল-২) দশম তলায়। কেন্দ্রটির অভ্যন্তরীণ অলংকরণে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (এমজিএইচ) স্থপতিরা। যুক্তরাষ্ট্রের ওই প্রতিষ্ঠানে গিয়ে ইতিমধ্যে বাংলাদেশি চিকিৎসক, নার্স ও যন্ত্রকারিগরেরা প্রশিক্ষণ নিয়ে এসেছেন।
এই কেন্দ্রের পরিকল্পনা ও তা বাস্তবায়নের সঙ্গে শুরু থেকে জড়িত আছেন প্রবাসী চিকিৎসক ও এমজিএইচের অস্থিমজ্জা প্রতিস্থাপন বিশেষজ্ঞ বিমলাংশু রঞ্জন দে। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমার হাসপাতালে যে পরিবেশে, যে মানের চিকিৎসাসেবা দিই, ঢাকা মেডিকেলেও সেই পরিবেশ ও মান বজায় রাখার চেষ্টা আছে।’
মোস্তাফিজুর রহমান বলেন, দেশে রক্ত ক্যানসারের চিকিৎসা ছিল না বলে শুধু যাঁদের অর্থ আছে তাঁরা বিদেশে গিয়ে চিকিৎসা করাতেন। এতে খরচ পড়ত ৮০ লাখ থেকে এক কোটি টাকা। ঢাকা মেডিকেলে খরচ পড়বে পাঁচ লাখ টাকারও কম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনজন চিকিৎসক, ২৫ জন নার্স ও ছয়জন যন্ত্রকারিগর এই কেন্দ্রে চিকিৎসাসেবা দেবেন। তাঁদের সহায়তা করছেন এমজিএইচের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও যন্ত্রকারিগরেরা।
বিমলাংশু দে বলেন, প্রথম ছয় মাসে ১০ থেকে ২০ জন রোগীর চিকিৎসা দেওয়া হবে। অভিজ্ঞতা অর্জনের স্বার্থেই শুরুতে বেশি রোগীর চিকিৎসা দেওয়া হবে না। এই কেন্দ্রে কয়েক মাস পর থ্যালাসেমিয়া রোগেরও চিকিৎসা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক আজ সকালে অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এর আগে সকাল সাড়ে নয়টায় রক্ত ক্যানসার সচেতন র্যালি শুরু হবে দোয়েল চত্বর থেকে। র্যালিটি শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনার চত্বরে দেশে প্রথম অস্থিমজ্জা (এইচএলএ) নিবন্ধন হবে। বিকেলে একটি অভিজাত হোটেলে অস্থিমজ্জা প্রতিস্থাপনের ওপর অনুষ্ঠিত হবে বৈজ্ঞানিক সেমিনার।