দেশেই এখন ওষুধ পরীক্ষার ব্যবস্থা
এখন দেশে উৎপাদিত যেকোনো ওষুধ কতটা কার্যকর, তা শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকারের ক্লিনিক্যাল ট্রায়াল গাইডলাইন চূড়ান্ত হওয়ায় এখন যে কেউ তা যাচাই করতে পারবেন।
গত মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তর এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে। রাজধানীর মহাখালীতে অধিদপ্তরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উন্নত দেশের নমুনা অনুসরণে ওষুধ তৈরি করছে। উন্নত দেশগুলো নিজেদের মানুষের ওজন, উচ্চতা, পুষ্টিগত অবস্থা বিবেচনা করে ওষুধের মাত্রা ঠিক করে থাকে। বাংলাদেশের মানুষের জন্য ওই ওষুধের নির্দেশিত মাত্রা যথার্থ না-ও হতে পারে। আমরা ওষুধ উৎপাদনকারীদের বলছি, আপনারা ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে ওষুধ বাজারে ছাড়ুন।’
অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন বলেন, একটি ওষুধ বা ইনজেকশন কতটা কার্যকর, তা খতিয়ে দেখতে প্রথমে গবেষক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কী করতে চায়, সেটি অধিদপ্তরের সংশ্লিষ্ট কমিটিকে জানাবে। পরিকল্পনা যাচাইবাছাইয়ের পর গবেষণার অনুমোদন দেওয়া হবে। পরে উৎপাদিত ওষুধ, ইনজেকশন প্রাণীর ওপর ও পরে রোগীদের ছোট একটি দলের ওপর প্রয়োগ করে দেখা হবে। ওষুধের কার্যকারিতা এবং রোগীর নিরাপত্তা দুই-ই নিশ্চিত করার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল গাইডলাইন তৈরি করা হয়েছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, খাজা ইউনূস মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি চেয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।