দেশেই সৌদির ভিসা নবায়ন করা যাবে
সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিক ও তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের মেয়াদোত্তীর্ণ ভিসা এখন থেকে নিজ নিজ দেশ থেকেই পুনরায় নবায়ন করে নেওয়া যাবে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনার বরাত দিয়ে এ খবর দিয়েছে সৌদি আরবভিত্তিক ইংরেজি দৈনিক আরব নিউজ।
নতুন এই পদক্ষেপের ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিক পুনরায় সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় খাতের সব কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা (স্ত্রী, সন্তানসহ) নিজ নিজ দেশ থেকেই তাঁদের পুনরায় প্রবেশের ভিসা নবায়ন করে নিতে পারবেন। বিভিন্ন দেশে অবস্থিত সৌদি দূতাবাসগুলোর কাউন্সেলর বিভাগ থেকে তা করা যাবে।
আরব নিউজের খবরে বলা হয়, নিজ দেশে অবস্থানের মেয়াদ শ্রমিকদের ক্ষেত্রে সাত মাসের বেশি না হলে এবং তাঁদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে তা এক বছরের বেশি না হলে, এভাবে ভিসা নবায়নের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট শ্রমিককে তাঁর নিয়োগদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে অবশ্যই চিঠি আনতে হবে, যা পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাউন্সিল অব সৌদি চেম্বারসের মাধ্যমে সত্যায়ন করিয়ে নিতে হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে তাঁদের বসবাসের অনুমতিপত্র (মাকিম, অতীতে এর নাম ছিল ইকামা) সংযুক্ত করে দিতে হবে এবং নিজেদের বাবা ও স্পনসরের বিস্তারিত বিবরণ তাতে থাকতে হবে বলেও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা আছে। মন্ত্রণালয় আরও বলেছে, তারা ‘বিশেষ পরিস্থিতি’তে গৃহকর্মীদের ভিসা পুনরায় নবায়নের বিষয়টি অনুমোদন করতে পারে।
সৌদি আরবে শ্রমিক হিসেবে কর্মরত, এমন বিদেশি নাগরিকদের পরিবারের হাজার হাজার সদস্য রয়েছেন, যাঁরা পড়াশোনা বা অন্য উদ্দেশে স্বদেশে ফিরে যাওয়ার পর বিশেষ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় রয়ে গেছেন। এর ফলে তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর সৌদি আরবে যেতে পারছেন না। নতুন এই সিদ্ধান্তের ফলে তাঁরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।