দেশেই স্কিন ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ছবি: ইউসুফ সাদ
প্রথম আলো ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ছবি: ইউসুফ সাদ

মৃত মানুষের শরীরের চামড়া বা ত্বক অ্যাসিড দগ্ধ বা যেকোনো পোড়া রোগীর জীবন বাঁচাবে। এতে আইনি জটিলতাও নেই। শুধু প্রয়োজন সামাজিক সচেতনতা, মৃত্যুর আগেই চামড়াদানে ব্যক্তিগত সদিচ্ছা এবং পরিবারের সহায়তা। এ ধরনের পরিবেশ তৈরি হলে দেশেই একটি ‘স্কিন ব্যাংক’ বা চামড়া ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব। তাই সবাইকে চামড়া দানে উত্সাহিত হতে হবে।
আজ সোমবার ‘অ্যাসিড ও অন্যান্য পোড়া রোগীর চিকিত্সায় স্কিন ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এভাবেই সবার প্রতি আহ্বান জানান। এ ছাড়া স্কিন ব্যাংক তৈরিতে উদ্যোগ নেওয়ার জন্য আলোচনার সূত্রপাতও করেন তাঁরা।
প্রথম আলো ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ওই বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ উপপরিচালক নিনা গোস্বামী বলেন, ১৯৯৯ সালের মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে অঙ্গ-প্রত্যঙ্গ বলতে কিডনি, যকৃত্সহ চামড়াকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইনে মৃত্যুর পরে অঙ্গ-প্রত্যঙ্গ দানের বিষয়টিও আছে। এখন শুধু স্কিন ব্যাংক করার প্রক্রিয়া শুরু করতে হবে।
এএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান বলেন, ১৯৩৯ সালে প্রথম চামড়া ফ্রিজিং করা শুরু হয়। পাশের দেশ ভারতেই প্রায় এক দশকের বেশি সময় ধরে স্কিন ব্যাংক কাজ করছে। তবে বাংলাদেশে এ বিষয়টি নিয়ে আলোচনাই হয়নি। ইফতেখারুজ্জামান গোলটেবিল বৈঠকেই মৃত্যুর পর তাঁর শরীরের চামড়া দানের ঘোষণা দেন।
গোলটেবিল বৈঠকে এএসএফের পরামর্শক শরীফ হাসান মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, যার শরীরের ৭০ ভাগ পুড়ে যায় তার শরীরের বাকি ৩০ ভাগ চামড়া দিয়ে ৭০ ভাগ ঢাকা সম্ভব হয় না। অথচ শরীরের যত বেশি অংশ পুড়বে তত বেশি শরীর থেকে পানি, লবণ, প্রোটিন ও তাপ শরীর থেকে বের হয়ে যায়। মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। রোগীর ক্ষত দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে পারলে তা মৃত্যুর ঝুঁকি কমায়। মৃত ব্যক্তির চামড়া অন্য যে কাউকে দেওয়া যায়। এ ক্ষেত্রে মৃত্যুর আগে সেই ব্যক্তির সম্মতি প্রয়োজন।
গোলটেবিল বৈঠকের মূল বক্তব্যে বলা হয়েছে, মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যে এবং ডিপ ফ্রিজে থাকলে ২৪ ঘণ্টার মধ্যে মৃত ব্যক্তির ত্বক তুলতে হবে। স্কিন ব্যাংক তৈরির কারিগরি দিকসহ বিভিন্ন দিক মূল বক্তব্যে তুলে ধরা হয়।
বৈঠকের আলোচকেরা বলেন, সাধারণত মৃত ব্যক্তির পিঠ ও পা থেকে চামড়া নেওয়া হয় যাতে সহজে কারও চোখে না পড়ে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেন, চামড়া দানে কোনো সমস্যা নেই। ১৯৯৯ সালের যে আইনটি আছে তা সময়োপযোগী করে স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব। এ ক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন বলেন, পোড়া রোগীকে বাঁচানোর জন্যই স্কিন ব্যাংক প্রয়োজন। এ ধরনের ব্যাংক থাকলে ৪০ শতাংশের বেশি পুড়ে যাওয়া রোগীকেও বাঁচানো সম্ভব হবে। আঞ্জুমান মফিদুলে বেওয়ারিশ লাশ থাকে অনেক, সে ক্ষেত্রে এই সংস্থার সঙ্গেও যোগাযোগ করা যায়।
অনুষ্ঠানে এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং, সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম, কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক হারুন-আর-রশিদ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কোষাধ্যক্ষ তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।