দেশেই স্মার্টফোন তৈরি করবে ওয়ালটন
স্বল্পমূল্যে এবং কিস্তিতে গ্রামের মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ওয়ালটনের হাত ধরে দেশে প্রথম মোবাইল ফোন তৈরি শুরু হলো। এর মাধ্যমে মোবাইল ফোন উৎপাদনকারী দেশের তালিকায় প্রথমবারের মতো নাম লেখাল বাংলাদেশ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান ওয়ালটন চালু করেছে এই স্মার্টফোন কারখানা। আজ বৃহস্পতিবার দেশের প্রথম স্মার্টফোন কারখানা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। উদ্বোধন শেষে কারখানার কনফারেন্স রুমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাশ্রয়ী মূল্যে গ্রামের মানুষের দোরগোড়ায় কম মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে হবে। ওয়ালটন শুধু এই মোবাইল ফোন সেট তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমাদের দেশের দক্ষ মানবসম্পদও কাজে লাগাতে হবে, যাতে তারা বিদেশমুখী না হয়। টেলিযোগাযোগ মন্ত্রণালয় সব সময় পাশে থাকবে।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, এই কারখানায় প্রাথমিকভাবে বছরে ২৫ থেকে ৩০ লাখ ইউনিট হ্যান্ডসেট উৎপাদন হবে। এ জন্য প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে রয়েছে হ্যান্ডসেটের ডিজাইন ডেভেলপ, গবেষণা ও উন্নয়ন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগ ও টেস্টিং ল্যাব। স্থাপন করা হয়েছে জাপান ও জার্মান প্রযুক্তির অত্যাধুনিক মেশিনারিজ। কর্মসংস্থান হয়েছে প্রায় এক হাজার লোকের। ছয়টি প্রোডাকশন লাইন স্থাপন করা হয়েছে। আরও ১০টি প্রোডাকশন লাইন স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। গড়ে তোলা হয়েছে প্রয়োজনীয় কাঁচামালের পর্যাপ্ত মজুত।
ওয়ালটন কর্তৃপক্ষের দাবি, দেশীয় মোবাইল ফোন কারখানা গড়ে ওঠায় এই খাতের সম্পূর্ণ আমদানিনির্ভরতা বহুলাংশে হ্রাস পাবে। পাশাপাশি রপ্তানি থেকেও বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। সেই সঙ্গে ব্যাপকভাবে বিকশিত হবে হার্ডওয়্যার ও সফটওয়্যার শিল্পের মতো ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রিজের। এটি হাইটেক শিল্পের অগ্রযাত্রায় বাংলাদেশের জন্য একটি বিশাল মাইলফলক। প্রাথমিক পর্যায়ে ছয়টি মডেলের স্মার্টফোন অ্যাসেম্বলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে। আগামী বছর থেকে পূর্ণাঙ্গ হ্যান্ডসেট উৎপাদন প্রক্রিয়া শুরু হবে।