দেশেই হবে রেল ইঞ্জিন সংযোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনসংকট দূর করে রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাকে ইঞ্জিন সংযোজন কারখানায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রস্তুতিমূলক কাজ শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে ৪০টি রেল ইঞ্জিন সংযোজন করা হবে। পরে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করে চাহিদামতো ইঞ্জিন সংযোজন করা হবে।কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯৯২ সালে সৌদি উন্নয়ন তহবিলের সহযোগিতায় পার্বতীপুরে ১১১ একর জমির ওপর বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা গড়ে তোলা হয়। কারখানায় মেরামতের পাশাপাশি ইঞ্জিন সংযোজনের উদ্যোগ গ্রহণের জন্য রেলের যান্ত্রিক বিভাগ ২০০৪-০৫ অর্থবছরে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি প্রস্তাব পাঠায়। প্রয়োজনীয় সমীক্ষা শেষে ২০০৯ সালে সরকার সাপ্লায়ার্স ক্রেডিট চুক্তির আওতায় এক হাজার ৯৪৫ কোটি টাকা ব্যয়ে ৭০টি ডিজেলচালিত মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের সিদ্ধান্ত নেয়। গত বছরের ৬ সেপ্টেম্বর ইঞ্জিন সরবরাহে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। আমেরিকা, জার্মানি, কানাডা, চীন, ভারত, পোল্যান্ড, ইংল্যান্ড ও কোরিয়ার অন্তত ৩৫টি প্রতিষ্ঠান দরপত্র কেনে। দরপত্র খোলার তারিখ দুই দফা পরিবর্তন করে এ বছরের ২৯ মে নির্ধারণ করা হয়। তবে ওই সময়সূচি আবারও পরিবর্তন করে আগামী ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ইঞ্জিন সংযোজনের প্রথম পর্যায়ে এক হাজার ৬৫০ অশ্বশক্তির ৭০টি মিটারগেজ ইঞ্জিনের মধ্যে ৩০টি সম্পূর্ণ সংযোজিত, ২৫টি আংশিক সংযোজিত এবং ১৫টি খোলা অবস্থায় আমদানি করা হবে। এর মধ্যে আংশিক সংযোজিত ও সম্পূর্ণ অসংযোজিত অবস্থায় আমদানি করা ৪০টি ইঞ্জিন পার্বতীপুরে রেলের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় সংযোজন করা হবে। পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী হাসান মনসুর জানান, রেলওয়েতে বর্তমানে ২৯৫টি রেল ইঞ্জিন রয়েছে। এর মধ্যে মিটারগেজ সেকশনে ২১৭টি ও ব্রডগেজ সেকশনে ৭৮টি। কারিগরি দিক বিবেচনায় ডিজেলচালিত প্রতিটি রেল ইঞ্জিনের আয়ুষ্কাল ২০ বছর। সেদিক থেকে রেলওয়ের ২৯৫টি লোকোমোটিভের মধ্যে ২৩৩টিই মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে ১৫টি মেরামতের অযোগ্য প্রায়। মাত্র ৬২টি চলাচল করছে। এসবের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে কিছু কিছু ইঞ্জিন মেরামতের জন্য ডিজেল ওয়ার্কশপে পাঠানো হয়। আবার কতগুলো ওয়ার্কশপে পাঠানোর অপেক্ষায় প্রস্তুত রাখা হয়। ফলে প্রতিদিনের চাহিদামতো ইঞ্জিনের সরবরাহ দিতে পারে না রেলের যান্ত্রিক বিভাগ। ৭০ মিটার গেজ লোকোমোটিভ সংগ্রহ প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল মতিন চৌধুরী বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো তৈরি করা সম্ভব হবে বাংলাদেশ ব্র্যান্ডের রেল ইঞ্জিন।’