জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমে যাওয়ায় দেশেও জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল রোববার নিজ দপ্তরে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক রাকেশ মোহনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি এ সময় বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ভালোই কমেছে। এখন এখানেও সমন্বয় করতে হবে। এ জন্য জ্বালানি বিভাগকে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।
অর্থমন্ত্রী এ সময় আরও জানান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাবেন। এর আগেই তেলের দাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বৈঠক হবে জ্বালানি নিয়ন্ত্রক কমিশনের সঙ্গে।
উল্লেখ্য, এক বছর ধরে বিশ্ববাজারে তেলের দাম অব্যাহতভাবে কমছে। এখন এর দাম ব্যারেলপ্রতি ৪০ ডলার, যা গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম। এর আগে সরকার দেশের মধ্যে কমানোর কথা বলেনি। বরং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আগের করা লোকসানের কথা বলা হয়েছিল।
বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রল ৯৬ টাকা এবং ডিজেল ও কেরোসিন ৬৮ টাকায় বিক্রি হয়। সর্বশেষ দাম বাড়ানো হয় ২০১৩ সালে।