দেশেও জিরা উৎপাদন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যবান মসলা জিরা হয়তো ভবিষ্যতে আর আমদানি করতে সরকারকে প্রচুর টাকা ব্যয় করতে হবে না। ফরিদপুরের এক চাষি জিরা উৎপাদন করে দেখালেন আমাদের দেশেও জিরা উৎপাদন সম্ভব।ওই চাষির নাম মো. আমিনুজ্জামান (৪৩)। তাঁর বাড়ি ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের হাজি ইসমাইল মুন্সীর ডাঙ্গি গ্রামে। তিনি গত ডিসেম্বর মাসে ভারত থেকে আড়াই শ গ্রাম জিরার বীজ সংগ্রহ করে আট শতাংশ জমিতে লাগিয়ে প্রায় ২০ কেজি জিরা উৎপাদন করেছেন।মো. আমিনুজ্জামান বলেন, ‘তেজগাঁও কলেজ থেকে বিএ পাস করে সাড়ে চার বছর বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা হিসেবে কাজ করেছি। এরপর ব্রিটেনে চলে যাই। সেখানে সাড়ে তিন বছর কাটিয়ে ২০০৪ সালে দেশে ফিরে আসি। দেশে ফিরে দেখলাম, টাকা ছাড়া চাকরি পাওয়া যায় না, ব্যবসা করতে হলে চাঁদা দিতে হয়। বিদেশ থেকে ফেরার পর এসব চিন্তা করে দেড় বছর বেকার জীবন কাটাই। এরই মধ্যে আমার দুলাভাই এস এম এ সাত্তার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে সহকারী অ্যাকাউন্ট কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তিনি আমাকে বললেন, তোমার পৈতৃক প্রায় ১৫ একর জমি আছে, তুমি চাষাবাদ করো না কেন? তাঁর কথায় ২০০৬ সালে আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া, সরিষা ও আলুর চাষ করি। সেবার শুধু আলু বিক্রি করেই দুই লাখ টাকা লাভ করি। পরের বছর আলুতেই লাভ হয় পাঁচ লাখ টাকা।’তিনি বলেন, ‘গত জুন মাসে প্রথম আলো য় একটি লেখা পড়ি “বাংলাদেশেও জিরা চাষ সম্ভব”। লেখাটি লিখেছেন গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের এক ব্যক্তি। লেখাটি পড়ে আমি জিরা চাষে উদ্বুদ্ধ হই।’ গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের এক ব্যক্তির মাধ্যমে ৫০০ টাকা খরচ করে ভারত থেকে আড়াই শ গ্রাম পাটনাই জিরার বীজ সংগ্রহ করেন আমিনুজ্জামান। গত ২৬ নভেম্বর বীজ তাঁর হাতে আসে। বীজ পেতে একটু দেরি হয়ে যায়। আরও ১৫ দিন আগে হাতে এলে ভালো হতো। তত দিনে জমির জো শেষ হয়ে গেছে। সেচের মাধ্যমে জমিতে পুনরায় জো আনেন আমিনুজ্জামান। গত ১ ডিসেম্বর তা রোপণ করেন।জেলা মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এম কামরুজ্জামান বলেন, ‘আমি কৃষক আমিনুজ্জামানের জিরা উৎপাদনে সাফল্য দেখে অবাক হয়েছি। ফরিদপুরে জিরা চাষের জন্য অনুকূল পরিবেশ আছে। আমি মনে করি বাণিজ্যিকভাবে জিরা চাষের জন্য ফরিদপুর একটা মডেল হতে পারে।’জেলা কৃষি উন্নয়ন করপোরেশনের উপপরিচালক মো. গোলাম কিবরিয়া বলেন, ‘কৃষক আমিনুজ্জামান আমাদের সামনে একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন।’ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমি কৃষির উপপরিচালকের সঙ্গে জিরা উৎপাদন বিষয়ে কথা বলব। যদি বিষয়টি আমাদের অনুকূলে থাকে, তবে তা অন্য কৃষকদের মাঝেও ছড়িয়ে দেব।’