দেশের অকল্যাণকারীরা যেন ক্ষমতায় আসতে না পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল ডিগ্রি অর্জনকারী চিকিৎসক ও কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল ডিগ্রি অর্জনকারী চিকিৎসক ও কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের অকল্যাণ করে তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অষ্টমবারের মতো আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব গ্রহণ করায় গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের লনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, অর্থ পাচারকারী এবং এতিমের টাকা আত্মসাৎকারী কোনোভাবেই যেন আবার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে...তারা ক্ষমতায় এলে আবারও এসব অপকর্ম ঘটাবে।’ তিনি বলেন, তাঁর দল আর কাউকেই এ দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না।

আন্দোলনের নামে খালেদা জিয়া নিজেই নিজেকে তাঁর গুলশান কার্যালয়ে আবদ্ধ রাখেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-প্রধান সে সময় ৯২ দিন তাঁর কার্যালয়ে অবস্থান করে বিরিয়ানি খেয়েছেন। আর তাঁর ক্যাডার বাহিনী সন্ত্রাসী হামলা করে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। শেখ হাসিনা বলেন, তাঁদের সেই মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলনে কেউ সাড়া দেয়নি। দেশের জনগণ কখনোই মানুষ পুড়িয়ে হত্যাকারী এবং এতিমের টাকা মেরে খাওয়া লোকজনের কথা শুনবে না।

প্রধানমন্ত্রী এ সময় আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে এগিয়ে আসায় তাঁর দল ও সহযোগী সংগঠন এবং ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে ধন্যবাদ জানান।

পরে ছাত্রলীগের নেতারা আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পুনরায় দলের সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থেকেও নেতা-কর্মীরা এসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বিসিপিএসের সমাবর্তনে প্রধানমন্ত্রী: সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি স্বাস্থ্যসেবাকে যুগোপযোগী করে জনগণের কাছে নিয়ে যেতে ১৫ বছর মেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে চিকিৎসকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শেখ হাসিনা চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আপনারা রোগীদের চিকিৎসাসেবাটা ভালোভাবে দেবেন। একটা কথা মনে রাখবেন, ওষুধের চেয়ে একজন ডাক্তারের মুখের কথাতেই অর্ধেক অসুখ কিন্তু ভালো হয়ে যায়। কারণ আমরা তো রোগী হই মাঝে মাঝে, আমরা বুঝি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসা শুধু একটি পেশা নয়, একটি মহান ব্রত। আপনারা নিষ্ঠা ও মেধা প্রয়োগ করে বিশেষজ্ঞ হয়েছেন। এখানেই শেষ নয়, আপনাদের মধ্যে সেবাদানের মনোভাব তৈরি করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে সেভাবে সেবা প্রদান করতে হবে। কারণ বাংলাদেশকে আমরা আত্মমর্যাদাশীল ও আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’

প্রধানমন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানে এফসিপিএস ও এমসিপিএস ডিগ্রি অর্জনকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে সনদ এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক বিতরণ করেন।

শেখ হাসিনা বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে মোবাইল ফোনকে জনগণের হাতের নাগালে এনে দেওয়ার মাধ্যমে তাঁর সরকার সব জেলা ও উপজেলা হাসপাতালে মোবাইল ফোনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিভিন্ন হাসপাতালে টেলিমেডিসিন সেবা প্রবর্তন করেছে।

শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে সরকারের পদ‌ক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করেছে এবং মাতৃস্বাস্থ্য ভাউচার ও লেকটেটিং মাদার ভাতা চালু করেছে।