দেশের অকল্যাণের মূলে আমলারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, দেশের সব অকল্যাণের মূলে আমলারা। আমলারা যদি ঠিকমতো কাজ করতেন, তবে দেশের চেহারা বদলে যেত।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মানবাধিকার ও বাসযোগ্য পরিবেশ সুরক্ষায় পুলিশ, গণমাধ্যম ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মিজানুর রহমান এ কথা বলেন। সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এই সেমিনারের আয়োজন করে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, জনগণের বন্ধু নয় এমন ব্যক্তি দেশের আমলাতন্ত্রের মধ্যে ঘাপটি মেরে আছেন। তাঁদের সরিয়ে না দিলে সরকারকে সমস্যায় পড়তে হবে। তিনি আরও বলেন, দিনবদলের যে অঙ্গীকার করে সরকার ক্ষমতায় এসেছে, তা বাস্তবায়ন করতে হলে ভালো আমলা লাগবে। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান আরও বলেন, ‘মানবাধিকার রক্ষায় কাজ করার কথা বললে আমাদের শোনানো হয় যে, রাষ্ট্রের সম্পদ সীমিত। কিন্তু সীমিত সম্পদের এই দেশের রাজনীতিবিদেরা যদি কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেন, তাহলে তাঁদের রাজনীতি করার দরকার নেই।’ দেশের মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক নয় উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশনের এখনো পর্যাপ্ত জনবল নেই। মাত্র ২৮ জনের জনবলের অনুমোদন তাঁরা পেয়েছেন। তিনি বলেন, আইন ও সংবিধান অমান্য করে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটালে কমিশন চুপ করে বসে থাকবে না।সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতাল পরিদর্শনের চিত্র তুলে ধরে মিজানুর রহমান বলেন, সদর হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা বলতে কিছু নেই। অনেক হাসপাতালের নাম আধুনিক হাসপাতাল হলেও তাতে আধুনিকতার কিছুই নেই। কোনো কোনো রোগীর বিছানায় বালিশ পর্যন্ত নেই। সেখানকার চিকিৎসক-নার্সরা নিজেদের বাসায় এসব বালিশ ব্যবহার করছেন। আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এইচ এম ইব্রাহিম ভূঁইয়া সেমিনারে সভাপতিত্ব করে। এতে আরও বক্তব্য উপস্থাপন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মনজিল মোরসেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাসুদা এম রশীদ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান।