দেশের অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী পুরোপুরি সক্ষম: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত দক্ষতা উন্নয়নে তাদের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, যেকোনো অশুভ শক্তিকে দৃঢ়তার সঙ্গে প্রতিহত করে দেশের অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী পুরোপুরি সক্ষম। খবর বাসসের।
বগুড়ার নন্দীদীঘিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়ার অংশ হিসেবে আয়োজিত এক দরবারে গতকাল সোমবার দেওয়া বক্তৃতায় রাষ্ট্রপতি এ কথা বলেন।
বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশন যান্ত্রিক, যুদ্ধভিত্তিক, কৌশলগত এ মহড়ার আয়োজন করে। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এটি এ ধরনের প্রথম আয়োজন। রাষ্ট্রপতি আবদুল হামিদ, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এবং অন্যান্য শীর্ষস্থানীয় বেসামরিক ও সামরিক কর্মকর্তারা মহড়া প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানের শুরুতে বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবদুল্লাহিল বাকী মহড়া সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন। মহড়া পরিচালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল শামসুদ্দিন।