দেশের অগ্রগতির স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের অগ্রগতির স্বার্থে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে হবে। প্রতিটি জাতি তাদের স্বাধীনতাবিরোধীদের বিচারের আওতায় এনেছে। আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ বিনির্মাণ ও নির্বিঘ্ন উন্নয়নের জন্য এই বিচার-প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে।’শেখ হাসিনা গতকাল সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি যুদ্ধাপরাধীদের রক্ষায় অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার তরুণ প্রজন্মসহ এ দেশের মানুষের এক অতিপ্রত্যাশার বিষয়। তারা গত সাধারণ নির্বাচনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমাদের প্রতি সমর্থন জানিয়েছে।’প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র এবং স্বাধীনতাবিরোধী শক্তির যেকোনো নৈরাজ্য শক্ত হাতে দমন করতে অঙ্গীকারবদ্ধ। সরকার কোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড বরদাশত করবে না।জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং স্বাধীনতাসংগ্রামের অমর চেতনা বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বাংলাদেশের নাগরিক বা সংগঠনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।এ বছর পদকপ্রাপ্ত আট বিশিষ্ট ব্যক্তি হচ্ছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিভাগে মরহুম এম এ হান্নান, শহীদ এম শামসুল হক, আবদুল হামিদ (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি), এম মোশাররফ হোসেন ও কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক; অর্থনীতিতে প্রয়াত স্বদেশ রঞ্জন বোস; শিল্প-সংস্কৃতিতে প্রয়াত সত্য সাহা এবং গবেষণা ও প্রশিক্ষণে মুহাম্মাদ আবদুল হামিদ মিয়া।প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাঁদের আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেন। পুরস্কারের মধ্যে রয়েছে একটি করে স্বর্ণপদক, দুই লাখ টাকার একটি চেক ও একটি সনদ।পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের পক্ষে মুহাম্মাদ আবদুল হামিদ মিয়া অনুষ্ঠানে তাঁর অনুভূতি ব্যক্ত করেন। মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা অনুষ্ঠান পরিচালনা ও মানপত্র পাঠ করেন।প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংসদ, বিশিষ্ট নাগরিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিদেশি কূটনীতিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। মানুষের এই প্রত্যাশা পূরণে সমাজে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বর্তমান সরকার সবকিছুই করবে।শেখ হাসিনা স্বাধীনতার স্বপ্নের বাস্তব রূপায়ন এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ একটি দেশে পরিণত করতে একসঙ্গে কাজ করি।’স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজ ও দেশে তাঁদের অবদান জাতি সব সময় স্মরণ করবে।