দেশের অগ্রযাত্রা থামাতে একটি মহল ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। দেশের ভেতরে ও বাইরে তারা বাংলাদেশের ভাবমূর্তি ম্লান এবং সরকারকে কলঙ্কিত করতে চায়।
পাকিস্তানের ইসলামাবাদে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্বরাষ্ট্রমন্ত্রীদের সপ্তম বৈঠকে এসব কথা বলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান। স্বরাষ্ট্রমন্ত্রী না যাওয়ায় তিনিই বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা বৈঠকে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ের হামলা ও হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তারিক আহসান বলেন, ওই স্বার্থান্বেষী মহল ধর্মনিরপেক্ষ মূল্যবোধ পছন্দ করে না, যে মূল্যবোধকে সরকার প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত ধর্মকে ওই এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে।’
তারিক আহসান বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।
হাইকমিশনার আরও বলেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদের থাবা থেকে কোনো দেশই মুক্ত নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও অন্য অনেক দেশের জনগণ এই জঙ্গিদের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিভীষিকা প্রত্যক্ষ করেছে।
সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ হাইকমিশনার।