দেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই জঙ্গি হামলা: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ও বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ন করতেই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা চালানো হয়েছে। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
‘যত দিন সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না হবে, তত দিন এ ধরনের ঘটনা ঘটবে’-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বক্তব্য অগ্রহণযোগ্য, এটি জঙ্গিদের জন্য উসকানিমূলক। এসব ঘটনায় দেশি-বিদেশি চক্র জড়িত। তারা বিদেশিদের টার্গেট কিলিং শুরু করেছে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ নাম করা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা এ ধরনের কাজে যুক্ত হচ্ছে। এ বিষয়ে প্রত্যেক পরিবারের বাবা-মা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্র ভর্তি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যত্নশীল ও সতর্ক হতে হবে।’
তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। তারপরেও বাংলাদেশের স্বাধীনতাকে কেউ আটকে রাখতে পারেনি। ঠিক তেমনি এ ধরনের জঙ্গি কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই বাংলাদেশের অগ্রযাত্রাকে আটকে রাখা যাবে না। জঙ্গিদের এই সমস্যা সাময়িক।
এ সময় সভাকক্ষে অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।