দেশের অটিস্টিক শিশুদের ৭৯ শতাংশ ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণায় দেখা গেছে, দেশের অটিস্টিক শিশুদের ৭৯ শতাংশ ছেলে, বাকি ২১ শতাংশ মেয়ে। এই শিশুদের চারজনের মধ্যে একজনের মা বিষণ্নতায় ভোগেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গতকাল সোমবার আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অটিজম বিশেষজ্ঞদের উপস্থিতিতে গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। গবেষণায় দেখা গেছে, অটিস্টিক শিশুদের ৪২ শতাংশের মা ও ৫৩ শতাংশের বাবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও অটিজম-বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন বলেন, অটিস্টিক শিশুদের এগিয়ে নিতে বাবা-মাকে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে অটিস্টিক শিশুর সংখ্যার তুলনায় থেরাপিস্ট কম। ফলে প্রত্যেক বাবা-মাকে থেরাপিস্ট হয়ে উঠতে হবে, অটিস্টিক বাচ্চাকে বেশি সময় দিতে হবে।
অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন আইসিডিডিআরবির ক্রনিক নন-কমিউনিকেবল ডিজিজ ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান আলিয়া নাহিদ। তিনি বলেন, অটিস্টিক শিশু আছে—এমন ৩৮৮ জন মায়ের সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। ৬৫ শতাংশ মা বলেছেন, শিশুর কারণে তাঁদের জীবনমান খারাপ হয়ে পড়েছে। প্রতিটি শিশুর জন্য পরিবারের মাসে গড়ে ১৭ হাজার ৮৯০ টাকা খরচ হয়। এর এক-তৃতীয়াংশ টাকা টিউশন ফি বাবদ খরচ হয়। ৮৯ শতাংশ মা জানিয়েছেন, শিশুকে স্কুলে দেওয়ার পর উন্নতি হচ্ছে। ৫৪ শতাংশ মায়ের অটিস্টিক শিশুর লালন-পালন বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, অটিজম নিয়ে বিচ্ছিন্নভাবে যেসব কাজ হচ্ছে, তার মধ্যে সমন্বয় দরকার। এক জোট হয়ে অটিজমের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানান তিনি।
সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিজম চিলড্রেনের চেয়ারম্যান আনোয়ার হোসেন অটিস্টিক শিশুর মা-বাবার প্রশিক্ষণের ওপর জোর দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক, আইসিডিডিআরবির উপ-নির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।