দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বর্ষাকাল নিয়ে আসা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু গতকাল বুধবার চট্টগ্রাম উপকূলে পৌঁছেছে। আগামী শুক্রবার নাগাদ তা দেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম উপকূল পর্যন্ত পৌঁছা মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও এখন আর দাবদাহ বা তাপপ্রবাহ নেই। ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবও কেটে গেছে। গতকাল স্থল নিম্নচাপ হিসেবে মোরার অবস্থান ছিল ভারতের নাগাল্যান্ডে।
এ ছাড়া খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের অন্যত্র পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।