দেশের অধিকাংশ মসজিদে জঙ্গিবাদবিরোধী খুতবা পাঠ
ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী রাজধানীসহ সারা দেশের অধিকাংশ মসজিদে গতকাল জুমার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশে জঙ্গিবাদবিরোধী খুতবা পাঠ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বাসসকে বলেন, শুক্রবার জুমার নামাজের আগে ‘অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ শীর্ষক এই খুতবা রাজধানীসহ দেশের অধিকাংশ মসজিদে পাঠ করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারা দেশের মসজিদগুলোতে গতকাল জুমার খুতবায় ইসলামের জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরা হয়। খুতবায় বলা হয়, মানুষ তো দূরের কথা, ইসলামে অকারণে কোনো জীবজন্তু হত্যা করার নির্দেশনা দেওয়া হয়নি। এ ছাড়া ইন্টারনেটে সন্তানেরা কী করছে, অভিভাবককে তা নজর রাখার আহ্বান জানান ইমাম।
খুতবায় মসজিদগুলোতে ইসলাম প্রচারের নামে মানুষ হত্যার মতো জঘন্যতম কাজ করতে নিষেধ করা হয়। এ ছাড়া নামাজ শেষে কারও সন্তান যেন সন্ত্রাস-জঙ্গিবাদের মতো বিপথে না যায়, এ জন্য দোয়াও করা হয়।
গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে ‘অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ শীর্ষক একটি অভিন্ন খুতবার নমুনা পাঠিয়ে তা অনুসরণ করতে দেশের সব মসজিদকে অনুরোধ করা হয়েছিল।
মসজিদের ইমামদের জন্য প্রস্তুত করা খুতবায় বলা হয়, ‘হে মুসলিমগণ! আপনারা আপনাদের সন্তানসন্ততির বিষয়ে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদের সুন্দর চরিত্রের শিক্ষা দিন। তাদের বিষয়ে সজাগ থাকুন যেন আপনার চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা তাকে কেড়ে নিতে না পারে। সন্ত্রাসীরা এই অবুঝ সরল কিশোরদের পরিবারের নিয়ন্ত্রণ থেকে ভাগিয়ে নিয়ে নানা অপকর্মের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে চেষ্টা করে থাকে।’
খুতবার শেষ দিকে বলা হয়, ‘সব শেষে আমরা আহ্বান করি আমাদের সন্তানদের, আমাদের যুবকদের সব সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত থাকতে। হে আল্লাহ! আমাদের দেশ বাংলাদেশ। এ দেশকে আপনি সন্ত্রাস ও বিপর্যয় থেকে রক্ষা করুন। একে শান্তি ও সমৃদ্ধির দেশে পরিণত করুন।’