
সারা দেশে যে অন্যায় ও অবিচার হচ্ছে, নারায়ণগঞ্জ হচ্ছে তার প্রতীকী রূপ। দখল, সন্ত্রাস, মাফিয়াতন্ত্র, দুর্নীতি আর কালোটাকার খেলার যে চিত্র নারায়ণগঞ্জে ফুটে উঠেছে, তা সারা দেশেই ঘটছে।
গতকাল শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের প্রবীণ রাজনীতিবিদেরা এ কথা বলে এসব অন্যায়ের প্রতিবাদ হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে এস এম আকরামকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নাগরিক ঐক্যের উপদেষ্টা ও আওয়ামী লীগের সাবেক সাংসদ এস এম আকরাম দেশব্যাপী অন্যায়ের প্রতিবাদ হিসেবে নারায়ণগঞ্জের নির্বাচনে অংশ নিচ্ছেন উল্লেখ করে এই প্রতিবাদে শামিল হতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের রাজনীতি থেকে ফরমালিন দূর করার আহ্বান জানান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি থেকে ফরমালিন দূর করতে হবে। খাবারে ফরমালিন দিয়ে পচা ও নষ্ট জিনিসকে যেভাবে উপস্থাপন করা হয়, আমাদের রাজনীতিতেও সেভাবে ফরমালিন দেওয়া হচ্ছে।’ রাজনীতি থেকে ফরমালিন দূর করতে এস এম আকরামের মতো প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি৷
সভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘নারায়ণগঞ্জের অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে এগিয়ে নিতে আকরামকে ভোট দিতে হবে৷ নয়তো দেশ থেকে এই অশুভ শক্তিকে পরাজিত করা যাবে না৷’
সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘যাদের দিয়ে ভোট ডাকাতি করিয়েছেন, তাদের দিয়ে দেশ চালানো যাবে না।’ ব্যর্থতা স্বীকার করে সরকারকে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না শুরুতে গত দুই বছরে নাগরিক ঐক্যের কার্যক্রম তুলে ধরে বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল নই। দেশের নাগরিকদের সংগঠিত করার একটি প্ল্যাটফর্ম। নাগরিক ঐক্য গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করলেও অন্যায়ের প্রতিবাদ জানাতেই এই নির্বাচনে অংশ নিচ্ছে।’