দেশের অপুষ্টি দূর করতে হলে গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে
জন্মের পর প্রথম দুই বছর মানুষের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিশুর পুষ্টির চাহিদা পূরণ না হলে সে পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল মানুষ হতে পারে না। মানুষের কাছে এই তথ্যটুকু নেই। অজ্ঞতার কারণে শিশুরা দীর্ঘমেয়াদি অপুষ্টিতে ভুগছে। দেশের পাঁচ বছরের কম বয়সী ৪৩ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম।গতকাল মঙ্গলবার বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি ও গণমাধ্যমের করণীয়বিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণকারীরা এসব কথা বলেন। সরকারের জনস্বাস্থ্য ও পুষ্টিপ্রতিষ্ঠান (আইপিএইচএন) ও বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশনের উদ্যোগে অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ (এ অ্যান্ড টি) এ সভার আয়োজন করে। দেশের একাধিক জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা এই আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, শিশুকে ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়াতে হবে, এই প্রচারণা দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু ছয় মাসের পর থেকে দুই বছর পর্যন্ত শিশুর খাবারের বিষয়টি অনেকটাই উপেক্ষিত থেকে গেছে। তিনি ছবিসহ পুস্তিকা ছেপে ব্যাপকভাবে বিলির প্রস্তাব করেন। সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, পুষ্টি সম্পর্কিত প্রতিবেদন গুরুত্ব দিয়ে ছাপানোর পাশাপাশি পাঠকদের সংগঠনের মাধ্যমে সারা দেশে পুষ্টির বিষয়ে প্রচারণা চালানোর উদ্যোগ নেবেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো গুরুত্ব দিয়ে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে। উপস্থিত একাধিক সাংবাদিক পুষ্টির বিষয়ে হালনাগাদ তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দেন। কালের কণ্ঠ-এর সম্পাদক আবেদ খান বলেন, ইন্টারনেটসহ নানা উৎস থেকে প্রতিদিন একজন সাংবাদিক পুষ্টি সম্পর্কে তথ্য পেতে পারেন। আইপিএইচএন পরিচালক ফাতিমা পারভিন বলেন, তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হলে মানুষ জানতে পারবে অপুষ্টির অন্যতম কারণ দারিদ্র্য হলেও একমাত্র কারণ নয়। রোজকারের খাবারের তালিকায় যে ভাত-ডাল-শাকসবজি থাকে তা-ই শিশুর পুষ্টির চাহিদা পূরণের জন্য যথেষ্ট। ইউনিসেফের কর্মকর্তা মহসিন আলী বলেন, দেশের পুষ্টি পরিস্থিতির পরিবর্তন করতে হলে সরকার এবং গণমাধ্যমগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ সহসম্পাদক শাহনূর ওয়াহিদ, বাংলাদেশ টেলিভিশনের অন্যতম পরিচালক শেখ সালেক, এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর।