দেশের অবস্থা নিয়ে হতাশার কিছু নেই: ড. কামাল
সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের বর্তমান অবস্থা নিয়ে হতাশার কিছু নেই। এ দেশের জনগণ এর চেয়ে খারাপ সময়ও দেখেছে। তিনি ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করার আহ্বান জানান।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ আয়োজিত আলোচনা সভায় কামাল হোসেন এসব কথা বলেন। ‘কার্যকর গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
কামাল হোসেন বলেন, জনগণের অসহায় বোধ করার কোনো কারণ নেই। লাঠি, বন্দুক, গুম, হত্যা ইত্যাদি অতীতেও ছিল। জনগণ আগেও এসবের কাছে আত্মসমর্পণ করেনি, এখনো করবে না।
শহীদ মিনারে নয়জন বিশিষ্ট নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা করা প্রসঙ্গে গণফোরামের সভাপতি বলেন, কে অবাঞ্ছিত? কে কাকে অবাঞ্ছিত করেছে? তাদের এ ক্ষমতা কে দিল? তিনি বলেন, ‘যারা এসব করছে, তারা রুগ্ণ রাজনীতি করছে। তারা ছেলেমানুষ, আমি তাদের সম্পর্কে কিছু বলতে চাই না।’
ড. কামাল ছাত্রসমাজকে উদ্দেশ করে বলেন, ‘তোমরা বায়ান্ন, একাত্তর, নব্বইয়ের ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেছ। তোমরা বলেছ, এখন আরেকবার সময় এসেছে জাতীয় ঐক্য গড়ে তুলে জনগণের প্রাধান্যনির্ভর বাংলাদেশ গড়ার। এই বক্তব্যের সঙ্গে আমি একমত। তোমরা লেগে যাও। বিজয় অনিবার্য।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) সভাপতি আ স ম আবদুর রব বলেন, যারা শিক্ষক, বুদ্ধিজীবীদের মৃতদেহ শহীদ মিনারে নিষিদ্ধ করার রাজনীতি করছে, তারা নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রমুখ। ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সভাপতি আজম রুপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।