দেশের অর্থনীতি স্থিতিশীল ও শক্তিশালী: আতিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল ও অত্যন্ত শক্তিশালী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, ‘অর্থনৈতিকভাবে আমরা এখন দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছি। অর্থনৈতিক মুক্তির জন্য আমরা যে পাকিস্তান থেকে পৃথক হয়েছিলাম, সেই পাকিস্তানের বর্তমান রিজার্ভ ৪ বিলিয়ন মার্কিন ডলার। আর আজকে আমাদের রিজার্ভ সাড়ে ১৯ বিলিয়ন ডলার। অর্থাত্ তাদের চেয়ে প্রায় ৫ গুণ রিজার্ভ আমাদের রয়েছে।’
আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর সময় গভর্নর আতিউর রহমানের সঙ্গে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীও ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক আবদুর রহিম, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আতিউর রহমান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লেখেন।