দেশের অর্ধেক কিশোরী খর্বাকৃতির
কিশোরীদের পুষ্টি পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, দেশের অর্ধেক কিশোরী খর্বাকৃতির। ৪৩ শতাংশ কিশোরী রক্তস্বল্পতায় ভুগছে। গ্রামের তিনজন কিশোরীর একজন কৃশকায়।
এই বিশ্লেষণ করেছে সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল—ইউনিসেফ, ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান গেইন। আজ বুধবার দুপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় এই বিশ্লেষণের তথ্য উপস্থাপন করা হয়। আলোচনায় অংশ নিয়ে পুষ্টি বিশেষজ্ঞরা বলেন, এসব তথ্য কিশোরী স্বাস্থ্য বিষয়ে নীতি ও কর্মসূচি তৈরিতে সহায়তা করবে।
সভায় কিশোরীদের পুষ্টি পরিস্থিতি উপস্থাপন করেন গেইনের পরামর্শক এস এম ইউনূস আলী। তিনি বলেন, কিশোরীদের (১০-১৯ বছর বয়সী) মধ্যে লৌহ, আয়োডিন ও ভিটামিন ‘এ’ অনুপুষ্টি কণার অভাব অনেক বেশি। পাশাপাশি পুষ্টিজ্ঞানও অনেক কম। গ্রাম ও শহরের উল্লেখযোগ্য কিশোরী জীবনে কোনো দিন মাছ বা মাংস খায়নি। ঢাকা শহরের ১০-১৬ বছর বয়সী স্কুলগামী কিশোরীদের ৬০ শতাংশ দৈনিক সুপারিশের পরিমাণের চেয়ে অনেক কম আমিষ, লৌহ ও ক্যালসিয়াম গ্রহণ করে। ৩ শতাংশ কিশোরী গলগণ্ড রোগে ভুগছে। গলগণ্ড কিশোরদের চেয়ে কিশোরীদের মধ্যে প্রায় দ্বিগুণ।