দেশের অর্ধেক কিশোরী খর্বাকৃতির। ৪৩ শতাংশ কিশোরী রক্তস্বল্পতায় ভুগছে। গ্রামের প্রতি তিনজন কিশোরীর একজন কৃশকায়।
এই বিশ্লেষণ করেছে সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে ইউনিসেফ, ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা গেইন। গতকাল বুধবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এই বিশ্লেষণের তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে কিশোরীদের পুষ্টি-পরিস্থিতি উপস্থাপন করেন গেইনের পরামর্শক এস এম ইউনূস আলী। তিনি বলেন, কিশোরীদের (১০-১৯ বছর বয়সী) মধ্যে লোহা, আয়োডিন ও ভিটামিন ‘এ’—এসব অণুপুষ্টিকণার অভাব অনেক বেশি, পাশাপাশি পুষ্টিজ্ঞানও অনেক কম। ঢাকা শহরের ১০-১৬ বছর বয়সী স্কুলগামী কিশোরীদের ৬০ শতাংশ দৈনিক সুপারিশের পরিমাণের চেয়ে অনেক কম আমিষ, লোহা ও ক্যালসিয়াম গ্রহণ করে। ৩ শতাংশ কিশোরী গলগণ্ড রোগে ভুগছে। গলগণ্ড কিশোরদের চেয়ে কিশোরীদের মধ্যে প্রায় দ্বিগুণ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের মোট জনসংখ্যার ২১ শতাংশ কিশোর-কিশোরী। দেশে বাল্যবিবাহ অতি ধীরগতিতে কমছে, বর্তমানে ৬৬ শতাংশ বিয়ে হচ্ছে কনের বয়স ১৮ বছর হওয়ার আগেই। কিশোরীদের ৪৫ শতাংশ মাধ্যমিক স্কুলে ভর্তি হচ্ছে বা হতে পারছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও জাতীয় পুষ্টি কর্মসূচির ভারপ্রাপ্ত লাইন ডিরেক্টর তপন বিশ্বাস পরিস্থিতিকে ‘ন্যাশনাল ক্রাইসিস’ উল্লেখ করে বলেন, এখনই বিশেষ সতর্ক হওয়া দরকার। প্রধান অতিথি ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন বলেন, যে তথ্য পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ। তবে কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে পৃথক জাতীয় ভিত্তিক জরিপ হওয়া দরকার।