দেশের অর্ধেকের বেশি শিশুই দারিদ্র্যের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মোট শিশুর ৫৬ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এসব শিশু খাদ্য, পানি, পয়োব্যবস্থা, স্বাস্থ্য ও আবাসন থেকে বঞ্চিত। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু দারিদ্র্য ও বৈষম্যবিষয়ক বিশ্ব গবেষণা শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্দশা থেকে এসব শিশুর বেরিয়ে আসার সুযোগ খুব কম।অর্থনীতিবিদ আবুল বারাকাতের নেতৃত্বে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি) এই প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনটি ২০০৭-০৮ সালে ইউনিসেফের সহায়তায় বিশ্বের সাতটি অঞ্চলের ৪৬টি দেশে বিশ্ব শিশু দারিদ্র্য ও বৈষম্য নিয়ে পরিচালিত গবেষণার অংশ। তথ্য-উপাত্ত অনুযায়ী, ১৯৯১-৯২ সালে মোট খানার ৫৭ শতাংশ শিশু উচ্চ দারিদ্র্যরেখার নিচে বাস করত। এ ছাড়া ৪৭ শতাংশ ছিল নিরঙ্কুশ দরিদ্র।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মোট শিশুর সংখ্যা ছয় কোটি ৩০ লাখ। এদের মধ্যে তিন কোটি ৩০ লাখ শিশুর প্রতিজনের পেছনে দৈনিক খরচ হয় এক মার্কিন ডলারেরও কম। ব্যাপক ভূমিহীনতা, ব্যবহার্য জমির অপ্রাপ্যতা এ দেশে দারিদ্র্যের অন্যতম কারণ। এতে বলা হয়, বরিশাল বিভাগের শিশুরা সবচেয়ে বেশি দারিদ্র্যের শিকার। এর পরেই আছে রাজশাহী। কম দরিদ্র শিশু রয়েছে সিলেটে।বিশেষজ্ঞরা বলছেন, এই শিশুরা ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত। এরা বছরের পর বছর বৈষম্যমূলক পরিবেশে বড় হচ্ছে। পরিস্থিতি পরিবর্তনে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।নিয়মিত খাবার পায় না অনেক শিশু: এই প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬ দশমিক ২ শতাংশ খানার শিশু খাদ্য থেকে চরমভাবে বঞ্চিত। প্রায় ৩৬ শতাংশ খানার শিশু কোনো না কোনোভাবে খাদ্য থেকে বঞ্চিত থাকছে। এদের সবাই বস্তিবাসী, ভাসমান ও অতিদরিদ্র পরিবারের।রাজধানীতে এ রকম অনেক শিশুই রয়েছে। সম্প্রতি আনন্দবাজারের ফুটপাতে এ রকম চার শিশুর দেখা মেলে। সেখানে রাত ১০টার দিকে মাটির চুলায় শাক রান্না করছিলেন ভাসমান জাহেরা বেগম (৪০)। তাঁর কোলে ছয় মাসের কন্যাশিশু। পাশেই বসা তাঁর আরও তিন কন্যাশিশু। বড়টির বয়স প্রায় ১৩ বছর। ভাত রান্না হয়েছে আগে। সবাই অপেক্ষা করছে শাক রান্না হওয়ার। তবেই ভাত খেতে পারবে তারা। দুপুরে ভাত জোটেনি বলে জানান জাহেরা। তিনি প্রথম আলোকে বলেন, ‘টাকা নাই। দুপুরে চাইল-শাক কিনতে পারি নাই। অনেক দাম। সস্তায় পাইয়া এগুলা আইনা এহন রানতাছি।’ বিভিন্ন ফুটপাত ও বস্তির বেশির ভাগ শিশুর খাদ্যের চিত্র এমনই।শিশুর খাদ্যবঞ্চনার ব্যাপারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার জ্যেষ্ঠ গবেষক আনোয়ারা বেগম বলেন, খাদ্যসহ নিত্যব্যবহার্য জিনিসের দাম দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মোটা চালসহ বিভিন্ন কম দামের খাদ্যদ্রব্য রাজধানী ও বড় বড় শহরে সহজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, শূন্য থেকে তিন বছর বয়স শিশুর বিকাশের জন্য গুরুত্বপূর্ণ সময়। অথচ দেশের অধিকাংশ শিশু এই সময়ে ন্যূনতম খাবার থেকে বঞ্চিত হচ্ছে। জন্ম থেকেই এসব শিশু বৈষম্য নিয়ে বড় হচ্ছে। এসব শিশু যা খাচ্ছে, তার বেশি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তাদের অসুস্থতার কারণে। ভবিষ্যৎ প্রজন্মের এই বিশাল অংশ অপুষ্টি ও ক্ষুধা নিয়ে বড় হওয়ার বিষয়টি বেশ আশঙ্কাজনক। জরুরি ভিত্তিতে এসব শিশুর জন্য কর্মসূচি নেওয়া প্রয়োজন।পানি ও পয়োব্যবস্থার সুবিধাহীন শিশু: প্রতিবেদনে বলা হয়েছে, পানি থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছে ১ দশমিক ৭ শতাংশ খানার শিশু। ৩ দশমিক ১ শতাংশ খানার শিশুর কাছে সব সময় পানি যাচ্ছে না। পয়োব্যবস্থার ক্ষেত্রে শিশুর অবস্থা আরও করুণ। আট শতাংশ খানার শিশুর পয়োব্যবস্থা বলতে কিছু নেই। প্রায় ৬৪ শতাংশ খানার শিশুর পয়োব্যবস্থা থাকলেও তা অত্যন্ত শোচনীয়।রাজধানীর ভাসমান, ফুটপাত, বস্তি ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের বেশির ভাগই খোলা জায়গায় পায়খানা করে। মালিবাগের এক বস্তিতে গিয়ে দেখা যায়, বস্তির কোনো শিশুই স্বাস্থ্যসম্মত পয়োব্যবস্থা ব্যবহার করছে না। ঘরের আশপাশে তারা পায়খানা করে। ওই বস্তির বাসিন্দা আকমল হোসেন প্রথম আলোকে জানান, তাঁর তিন শিশুর সবাই ঘরের আশপাশে পায়খানা করে। তিনি বলেন, ‘বাচ্চা মানুষের পায়খানা ব্যবহারের দরকার কী? আমাদের নিজেদের জন্যই পায়খানার ব্যবস্থা কম।’ওই বস্তির শিশুরা পানির চাহিদাও যথাযথ পূরণ করতে পারে না। খিলগাঁওয়ের এক বস্তিতেও শিশুদের পয়োব্যবস্থার একই চিত্র দেখা যায়। পানির ক্ষেত্রেও একই অবস্থা।এ ব্যাপারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুদের জন্য পানি ও পয়োব্যবস্থার অধিকার এক করে দেখতে হবে। কেননা, পয়োব্যবস্থা যদি খারাপ হয়, তবে যত ভালো পানিই দেওয়া হোক না কেন, তাতে কোনো লাভ নেই। এতে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। পানি ও পয়োব্যবস্থা ভালো থাকলে একটি পরিবারের অনেক অর্থও বেঁচে যায়। অথচ অব্যবস্থাপনার কারণে শিশুরা দীর্ঘমেয়াদি অপুষ্টি ও অসুস্থতা নিয়ে বড় হচ্ছে।নেই স্বাস্থ্যসেবা: ইউনিসেফের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ শতাংশ খানার শিশু ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০০৭-এর প্রতিবেদনেও বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের পাঁচ শতাংশ শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের ৬৩ শতাংশই স্বাস্থ্যকেন্দ্র বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সেবা থেকে বঞ্চিত। এসব শিশুর ২৯ শতাংশ ওষুধের দোকান এবং ২১ শতাংশ শিশু স্বাস্থ্য বিষয়ে অপ্রশিক্ষিত ব্যক্তির কাছ থেকে সেবা নিচ্ছে। ওই গবেষণার সঙ্গে জড়িত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আহমেদ আল সাবির বলেন, ওষুধের দোকান থেকে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ কেনা বিপজ্জনক। শিশুরা এসব ওষুধে সাময়িক সুস্থ হলেও দীর্ঘমেয়াদি ঝুঁকিতে থেকে যাচ্ছে। বিশেষ করে ওষুধের দোকানি তাদের হাতে অ্যান্টিবায়োটিক ধরিয়ে দেন। এর প্রভাব নেতিবাচক হওয়ার আশঙ্কাই বেশি থাকে। তাই এ রকম শিশুর কিছু হলে তাদের অবশ্যই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মালিবাগ বস্তির বাসিন্দা আসমা জানান, তাঁর মেয়ে রাহেলার (দুই বছর) পেটে অসুখ, জ্বর যাই হোক না কেন, তাকে নিয়ে পাশের ওষুধের দোকান থেকে বলে ওষুধ এনে খাওয়ান। কারণ চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাওয়ার মতো টাকা তাঁর নেই।