দেশের অস্তিত্বের স্বার্থে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের রাজনীতিই শুধু নয়, সাম্প্রদায়িকতা নির্মূলে রাজনীতিতে ধর্মের ব্যবহার আইন করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তাঁরা বলেছেন, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা জরুরি।
‘সংখ্যালঘুদের ওপর নির্বাচন-উত্তর সন্ত্রাস, প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তাঁরা এ দাবি জানান। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গতকাল শুক্রবার সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভাপতির বক্তব্যে মঞ্চের সমন্বয়ক অজয় রায় বলেন, ধর্মের রাজনৈতিক ব্যবহার সাম্প্রদায়িকতাকে উসকে দিয়েছে। সমাজ, রাজনীতি সব কিছুকে সাম্প্রদায়িকতা গ্রাস করছে।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, সাম্প্রতিক সময়ে যত সাম্প্রদায়িক হামলা হয়েছে সেগুলোর স্থপতি জামায়াত, বিএনপি এর পৃষ্ঠপোষক, আংশিক সহায়তাকারী আওয়ামী লীগ আর মূল সহায়ক প্রশাসন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-ই আলম লেনিন বলেন, সাতক্ষীরার ঘটনার সময় নেত্রী (শেখ হাসিনা) নেতাদের এলাকায় যেতে বলেছিলেন। কেউ গিয়েছিলেন, কেউ যাননি। গ্রামের অশিক্ষিত লোকের তুলনায় উচ্চশিক্ষিত লোকেরা বেশি সাম্প্রদায়িক বলে তিনি মন্তব্য করেন।
জাসদের সাংসদ নাজমুল হক প্রধান বলেন, প্রগতিশীল রাজনীতি যাঁরা করেন তাঁদেরও অনেকে সাম্প্রদায়িকতা মুক্ত নন।
মূল বক্তব্য উপস্থাপনের সময় সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার বলেন, আগামী উপজেলা নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মঞ্চের যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী ও গণজাগরণ মঞ্চের শায়লা আহমেদ।