পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ দাবি করেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমেরিকার চেয়ে ভালো। গতকাল সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ দাবি করেন। হাছান মাহমুদ বলেন, আমেরিকায় প্রতি লাখে ডাকাতির ঘটনা ১১৯টি, বাংলাদেশে এক দশমিক শূন্য সাতটি। আমেরিকায় খুন প্রতি লাখে চার দশমিক আটটি, বাংলাদেশে দুই দশমিক পাঁচটি। আমেরিকায় ধর্ষণ প্রতি লাখে ২৭ দশমিক পাঁচটি এবং বাংলাদেশে ১০ দশমিক ১৩টি। তিনি বিরোধী দলের ‘ঢাকা চলো’ কর্মসূচির সমালোচনা করে বলেন, ‘আমরা জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে দিতে পারি না। দরকার হলে ১২ মার্চ সরকারদলীয় মন্ত্রী-সাংসদেরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে।’শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বাড়াতে স্কুলের পরিবেশকে আনন্দময় করার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীরা যাতে মনোযোগী হয়, সে জন্য পাঠ্যপুস্তকে নতুন নতুন বিষয় সংযোজন করা হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, তালুকদার মো. ইউনুস, ফরিদা আখতার প্রমুখ।