দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিগত ১০ বছরের চেয়ে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এই সরকার ক্ষমতায় এসে ২২৮ ডলার মাথাপিছু আয় বাড়িয়েছে। চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গত শনিবার রাতে মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১০ দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে হাছান মাহমুদ প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ডিজিটাল বাংলাদেশ কী, তা বোঝেন না। সেকেন্ডের মধ্যে যেকোনো দেশ থেকে নাগরিকেরা ঘরে বসে তথ্যের আদান-প্রদান করছে, মোবাইল ফোনে বিদেশ থেকে টাকা পাচ্ছে। এটাকে বলে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ কী, তা বুঝতে হলে অন্তত ম্যাট্রিক পাস করতে হয়।’ তিনি বলেন, মহাজোট সরকার যখন ক্ষমতায় আসে, তখন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪ ভাগ। বর্তমানে তা বেড়ে ৬ দশমিক ৭ ভাগে দাঁড়িয়েছে। দারিদ্র্য কমেছে ১০ শতাংশ।হাছান মাহমুদ বলেন, ‘আমাদের সময়ে বিএনপির কোনো সাংসদ মারা যায়নি। তাদের জনসভায় বোমা হামলাও হয়নি। তবে খালেদার জনসভায় চারটি বোমা ফুটলেই দেশের অবস্থা খারাপ বলা যাবে।’ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা মুহসীন খান ও মৃণাল কান্তি বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা এম এ জাফর, মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম আজাদ, পটিয়া উপজেলার সভাপতি আ ক ম শামশুজ্জামান, সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, উপজেলার ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, পৌর মেয়র হারুনুর রশিদ প্রমুখ। আলোচনা শেষে ফরিদা পারভীনের পরিবেশনায় সাংস্কৃৃতিক অনুষ্ঠান হয়।