দেশের আরও ৫৩ নদী খনন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশে নৌপরিবহনব্যবস্থা সাশ্রয়ী, আরামদায়ক ও পরিবেশবান্ধব যোগাযোগের মাধ্যম। নৌপথের নাব্যতা ফিরিয়ে আনতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। তাই ‘আড়িয়াল খাঁ-নিম্ন কুমার নদসহ দেশের আরও ৫৩টি নদী খনন করবে সরকার। গতকাল শনিবার সকালে মাদারীপুরে ‘মাদারীপুর-চরমুগরিয়া-টেকেরহাট-গোপালগঞ্জ’ ২০০ কিলোমিটার নৌপথ খনন প্রকল্প উদ্বোধনকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।মাদারীপুর পুরানবাজার সেতুসংলগ্ন এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, ‘ব্রিটিশ আমলে মাদারীপুর-চরমুগরিয়া-টেকেরহাট-গোলাপগঞ্জ রুটে নৌযান চালু ছিল। সময়ের বিবর্তনে আড়িয়াল খাঁ ও নিম্ন কুমার নদের তলদেশে ধীরে ধীরে পলি জমে এ নৌপথটি নাব্যতা হারিয়ে নৌযান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই নৌপথে নদীর তীরে মাদারীপুর এ আর হাওলাদার জুট মিল, চরমুগরিয়া জমাদ্দার জুট মিল, মস্তফাপুর টেক্সটাইল মিলস, রাইস মিলসহ অনেক ছোট-বড় শিল্প-কারখানা, হাট-বাজার ও ব্যবসাকেন্দ্র রয়েছে, যা বর্তমানে ধ্বংসের পথে। খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হলে এ নৌপথে ঢাকা-খুলনার মধ্যে স্বল্প দূরত্বের সাশ্রয়ী নৌপরিবহনব্যবস্থা গড়ে উঠবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আবদুল মালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী আবদুল মতিন, পরিচালক (পরিকল্পনা) মাহমুদ হাসান সেলিম, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ২০০ কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সারা বছর আট ফুট গভীরতায় নৌযান চলাচলের উপযোগী করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৪৮ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পের কাজ ২০১৩ সালের জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে।