প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করতে আনসার-ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের জানমালের হেফাজত করা আনসার-ভিডিপির সদস্যদের পবিত্র দায়িত্ব। সততা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে আনসার-ভিডিপির সদস্যরা এই দায়িত্ব পালন করে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩১তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী আনসার-ভিডিপির সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা গ্রামীণ সমাজের সবচেয়ে বেশি প্রশিক্ষিত অংশ। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ আপনারা গ্রহণ করে থাকেন। আপনাদের এই শিক্ষা নিজ নিজ এলাকার জনগণের মধ্যে বিতরণ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংসদ মেহের আফরোজ চুমকি ও জাহিদ আহসান রাসেল, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, তিন বাহিনীর ও পুলিশ বাহিনীর প্রধানেরা, কূটনীতিক এবং এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময়ই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে কাজ করেছে। ১৯৯৮ সালে আমি আনসার বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করেছিলাম এবং ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ী করার উদ্যোগও আমরা নিয়েছিলাম। আনসার বাহিনীর কল্যাণের জন্য আমরা আনসার ও ভিডিপি ব্যাংক গঠন করেছিলাম।’ তিনি বলেন, আনসার সদস্যদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আনসার-ভিডিপি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ এবং কর্মকর্তাদের হাউজিং প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এর আগে প্রধানমন্ত্রী খোলা জিপে করে একাডেমীর প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও আনসার বাহিনীর কুচকাওয়াজ উপভোগ করেন। পরে প্রধানমন্ত্রী কৃতিত্বপূর্ণ সাহসী ভূমিকার জন্য আবুল খায়েরকে বাংলাদেশ আনসার পদক, সিপাহি মিনা আক্তার, সিপাহি রুবিনা আক্তার, ল্যান্স নায়েক আবু বকর সিদ্দিক ও পিসি সামছুল আলমের হাতে রাষ্ট্রপতি আনসার পদক তুলে দেন।প্রধানমন্ত্রী আনসার একাডেমীর লেকের ধারে বসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও আনসার সদস্যদের কুটির শিল্প পরিদর্শন করেন।