দেশের ইটভাটার ৬৭ ভাগই অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মোট সাড়ে আট হাজার ইটভাটার ৬৭ শতাংশই অবৈধ। পরিবেশ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (পবা) মাঠ পর্যায়ে পর্যালোচনা করে এ পরিসংখ্যান পেয়েছে। গতকাল বুধবার সকালে পবা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অবৈধ ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে লোকালয়, কৃষিজমি, পাহাড়ের পাদদেশ ও বনাঞ্চলের আশপাশে পরিচালিত হচ্ছে।
মোট ইটভাটার মধ্যে ১ হাজার ৯০০টি ড্রাম চিমনিবিশিষ্ট। টিনের ড্রাম কেটে এই চিমনি তৈরি করা হয়। এতে ধোঁয়া ওপরের দিকে না গিয়ে চিমনির ছিদ্র দিয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এ ধরনের ইটভাটায় মৌসুমে গড়ে ২০ লাখ ইট পোড়ানো হয়। এক লাখ ইট পোড়াতে ১ হাজার ৮০০ মণ কাঠ লাগে। আইন অনুযায়ী এমন চিমনি ব্যবহার নিষিদ্ধ।
সংবাদ সম্মেলনে ড্রাম চিমনিবিশিষ্ট ইটভাটা অবিলম্বে বন্ধ করা এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অনেক ইটভাটায় সরকারের নির্ধারিত প্রযুক্তির ব্যবহার হচ্ছে না। ফলে পরিবেশগত বিপর্যয়সহ জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
কাঠ পোড়ানো ও কম উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করায় এসব ইটভাটায় প্রচুর পরিমাণে কালো ধোঁয়া নির্গত হয়, যা এলাকার জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এতে মানুষের ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত নানা রোগ দেখা দিচ্ছে। এর সঙ্গে ধুলা-ময়লা উড়ে মানুষের শরীরে প্রবেশ করে এলার্জির সমস্যাও তৈরি হচ্ছে। ইটভাটাসৃষ্ট দূষণ পরিবেশ বিপর্যয়সহ কৃষি উৎপাদন ও ফলমূলের ফলনে ক্ষতির পাশাপাশি গাছপালার স্বাভাবিক বৃদ্ধিও বাধাগ্রস্ত করছে।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক এবং পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান। বিজ্ঞপ্তি