দেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাফল্য তুলে ধরুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিগত তিন বছরে দেশের ইতিবাচক ভাবমূর্তি এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে অর্জিত সাফল্য তুলে ধরতে যুক্তরাষ্ট্র-প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের প্রতিটি খাতে দ্রুত অগ্রগতি হচ্ছে এবং আমাদের এই সাফল্য অর্থনৈতিক ও সামাজিক খাতের পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়নেও গুণগত পরিবর্তন এনেছে।’নিউইয়র্ক সিটিতে আয়োজিত ‘সমুদ্র বিজয় উৎসব’ অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী গতকাল সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতায় এ কথা বলেন। নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ কুইন্স প্যালেসে নিউইয়র্কের স্থানীয় সময় গত রোববার রাতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিউজার্সির মেয়র।শেখ হাসিনা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার এবং বিগত বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতি তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপি যুদ্ধাপরাধীদের ও দুর্নীতিগ্রস্তদের বিচার ভণ্ডুল করতে চায়। কিন্তু তারা শত চেষ্টা করেও যুদ্ধাপরাধী ও দুর্নীতিগ্রস্তদের বিচার ঠেকাতে পারবে না।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নিউইয়র্ক শাখার সভাপতি কমান্ডার নুরুন্নবী ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী বক্তৃতা করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ ও সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন গণভবনে উপস্থিত ছিলেন।নিউজার্সির মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর সুবিধাজনক সময়ে ওই রাজ্য সফরের আমন্ত্রণ জানান।