মিলনায়তনভর্তি দর্শক। মঞ্চে চলছে সাংস্কৃতিক পরিবেশনা ‘আমরাই বাংলাদেশ’। কোনো পরিবেশনায় দেশের জন্মের ইতিহাস, কোনোটিতে দেশের অর্জন, আবার কোনোটিতে অপার সম্ভাবনার কথা ফুটিয়ে তোলা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তারুণ্য উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা তুলে আনেন দেশের কিছু বড় অর্জন।
বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৫’ শিরোনামে এই উৎসব শুরু হয় গত মঙ্গলবার থেকে। এই আয়োজনে সহযোগিতা করছে বন্ধুসভা।
গতকাল বিকেল সাড়ে চারটায় নয়টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। একে একে ‘আমরাই বাংলাদেশ’ বিষয়ের ওপর নিজেদের পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার বিচারক ছিলেন নাট্যব্যক্তিত্ব আকবর রেজা, ব্যান্ড দল সোলসের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও রবীন্দ্রসংগীতশিল্পী শ্রেয়সী রায়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।