দেশের উদ্দেশে ভুটানের রাজার ঢাকা ত্যাগ
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুককে আন্তরিক বিদায় জানানো হয়েছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমন্ত্রণে বাংলাদেশে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল সোমবার তিনি দেশের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সকাল ১১টা ২০ মিনিটে তাঁকে বিদায় জানান। এ সময় বিমানবন্দরে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা, তিন বাহিনীর প্রধানেরা ও কূটনৈতিক কোরের ডিন উপস্থিত ছিলেন। খবর বাসসের।সফরকালে ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আবদুল হামিদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে বৈঠক হয়েছে।