দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সম্পৃক্ত হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন l ছবি: পিআইডি

সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি দেশকে এগিয়ে নিতে দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।’

প্রধানমন্ত্রী গতকাল সোমবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনকালে বক্তৃতায় এ আহ্বান জানান। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত এ মেলা দেশের ৬৪টি জেলা ও ৪৯০টি উপজেলায় একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে মেলার উদ্বোধন ঘোষণা করার সঙ্গে সঙ্গে সব জেলা-উপজেলায় বেলুন ও পায়রা উড়িয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং প্রশাসনের কর্মকর্তারা মেলার উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত ছিল টাঙ্গাইল, বরিশাল, খুলনা ও গোপালগঞ্জ জেলা। মেলার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এসব জেলার মানুষের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। মেলার মূল উদ্দেশ্য চলমান উন্নয়ন ও সাফল্য জনগণের সামনে তুলে ধরে সরকারের উন্নয়নকাজের সঙ্গে তাঁদের সম্পৃক্ত করা। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের সাফল্য প্রচার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা।

 ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ শীর্ষক থিম নিয়ে আয়োজিত উন্নয়ন মেলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কী কী কাজ করছি, জনগণের তা জানা উচিত। পাশাপাশি জনগণকে এতে সম্পৃক্ত হতে হবে। কারণ, জনগণের জন্য আমরা কাজ করছি ও তাদের সঙ্গে নিয়েই পথ চলতে চাই।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বস্তরে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন। সংসদ সদস্য থেকে ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড মেম্বার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনে যুক্ত ব্যক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সবার সমন্বিত উদ্যোগ থাকলে এই বাংলাদেশকে আমরা অতি দ্রুত দারিদ্র্যমুক্ত করতে পারব।’

শেখ হাসিনা আরও বলেন, খুলনা থেকে ভিক্ষুক পুনর্বাসনের একটা প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা নিজেরা উদ্যোগ নিয়ে তাঁদের এক দিনের বেতন অনুদান হিসেবে দিয়ে একটি তহবিল করে খুলনাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নিয়েছেন এবং এটি অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি, দেশের প্রত্যেক নির্বাহী কর্মকর্তা যদি এভাবে উদ্যোগ নেন তবে প্রতি জেলা-উপজেলা ভিক্ষুকমুক্ত হতে পারে এবং প্রত্যেক মানুষ একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। তাঁর ভেতরেও আত্মবিশ্বাস জেগে ওঠে।’

এ ধরনের উদ্যোগ দ্রুত দারিদ্র্য বিমোচনের পাশাপাশি দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। তিনি খুলনায় পুনর্বাসিত ভিক্ষুক আম্বিয়া বেগমের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন। আম্বিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় সেলাই মেশিন ও অর্থ সহায়তা পাওয়ায় ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজে আয় করছেন শুনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা অংশগ্রহণ করছে। মেলায় প্রতিদিন সভা, সেমিনার, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ছবি ও পোস্টার প্রদর্শন এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।