দেশের উন্নয়ন নিয়ে ভাবনা

আমরা উন্নয়নশীল দেশের নাগরিক। কতটুকু উন্নত হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ। শুধু আর্থিক অবস্থা বা জিডিপির উন্নয়নই কি দেশের সামগ্রিক উন্নয়ন, না। উন্নয়ন বলতে আর্থিক এবং সামাজিক উন্নয়ন দুটিকেই বোঝায়। কিন্তু আমরা সামাজিকভাবে কতটুকু উন্নতি করতে পেরেছি, তা এখন দেখার বিষয়। সম্ভবত এর উত্তর—আমরা উন্নতি না, অবনতি করতে পেরেছি। এ কথা বলার পেছনে অনেক কারণ আছে এবং এর কারণ দেখাতে আমি বাধ্য। আমার মতে, আমাদের সামাজিক অবনতির পেছনে জড়িত দুটি বিষয়।
১. রাজনৈতিক প্রভাব
২. সামাজিক ব্যবস্থা
রাজনৈতিক প্রভাব সম্পর্কে বেশি কিছু বলা কঠিন। কারণ, এ সম্পর্কে আমার ধারণাও বেশি নেই। আমি শুধু আমার সঙ্গে ঘটে যাওয়া বা আমার প্রত্যক্ষ করা কয়েকটি ঘটনা উল্লেখ করে সামাজিক অবনতিতে এর অবদানের ইতি টানব। আমাদের দেশে বর্তমানে পেঁয়াজের দাম অনেক বেশি। কিন্তু আমার জানামতে, কোনো মন্ত্রী তো দূরে থাক, আজ পর্যন্ত কোনো সাংসদ বাজার তদারকির জন্য গেছেন কি না, আমার জানা নেই। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজার তদারকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। বরং আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে এ চিত্র উল্টো। এমন উদাসীনতা রাজনীতির জন্য আমাদের সামাজিক অবক্ষয় আরও বৃদ্ধি পাচ্ছে।
এখন আসি সামাজিক ব্যবস্থায়। এর মধ্যে প্রথমে আলোচনা করব শিক্ষাব্যবস্থা নিয়ে। কারণ, শিক্ষা সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দেশের শিক্ষাব্যবস্থা আজ দেশের শিক্ষার্থীদের কতটুকু প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারছে? হয়তো ১০ শতাংশের বেশি হবে না। এই ১০ শতাংশ শিক্ষার্থীও হয়তো নিজ প্রচেষ্টায় প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়েছে, আমাদের দেশের শিক্ষাব্যবস্থার জন্য নয়। এটা বলার কারণ, শিক্ষা মানুষকে সৎ হতে শেখায়। কিন্তু আমাদের দেশের শিক্ষাব্যবস্থার মেশিনের মধ্য দিয়ে গিয়ে যাঁরা এই দেশের বড় বড় পোস্টে চাকরি করছেন, তাঁরা দুর্নীতিবাজে পরিণত হচ্ছেন, ভূরি ভূরি উদাহরণ আছে। এখন অনেকে বলবে, এটা তাঁদের পারিবারিক শিক্ষার অভাব, কিন্তু কেন?
একটা শিক্ষাব্যবস্থার প্রকৃত দায়িত্ব কী? কোনটা ভুল, কোনটা সঠিক, সে জিনিস যাতে একজন শিক্ষার্থী চিনতে পারে, তাকে সেভাবে গড়ে তোলা। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা কি সেভাবে একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে পারছে। নির্মম হলেও সত্যি যে এর উত্তর ‘না’। যদি ‘হ্যাঁ’ হতো, তাহলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্ররা, যাঁরা দেশের সেরা শিক্ষার্থী বলে পরিচিত, তাঁরা আবরার ফাহাদকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারতেন না। আবার বর্তমানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, অভিভাবকেরাও প্রকৃত শিক্ষার প্রতি জোর না দিয়ে ছেলেমেয়েদের শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতি তাগিদ দেন। তাদের এমনভাবে বোঝান যে জিপিএ-৫ পেলে এবং ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ভালো বেতনের চাকরি পেলেই জীবন সার্থক। আর এ জন্য আমাদের দেশে উদ্যোক্তার সংখ্যাও কম। তা ছাড়া খুব কম অভিভাবকই আছেন, যাঁরা তাঁদের সন্তানকে বলেন আগে ভালো মানুষ হও, তারপর অন্য কিছু।
এবার আসি দুর্নীতি প্রসঙ্গে। এটা আমাদের সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্র জালের মতো ছড়িয়ে আছে। বলা যায়, এমন কোনো জায়গা নেই, যেখানে দুর্নীতি নেই। দুর্নীতির কোনো তথ্য-উপাত্ত দিয়ে লাভ নেই। কারণ, দেশের মানুষ এ সম্পর্কে অনেক ভালোভাবেই জানেন। রূপপুর পারমাণবিক কেন্দ্রের বালিশ ও পর্দা-কাণ্ডের কথা আশা করি সবারই জানা আছে। সড়কে ট্রাফিকের কর্মকাণ্ডও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করলেই বিষয়টি পরিষ্কার হবে। তবে সব ট্রাফিক কিন্তু এমন না।
এখন আসা যাক মূল কথায়। আমার কাছে ১৬টি হরিণ আছে। আমি ওদের উন্নত জীবনযাপনের জন্য একটা মাঠে ঘাস চাষ করলাম। তারা যাতে সুন্দরভাবে বিচরণ করতে পারে, তাই জঙ্গল তৈরি করলাম। কিন্তু দুটা হরিণ ক্ষমতার প্রভাবে জঙ্গলের অর্ধেক দখল করে চলে, ঘাসের মাঠের অর্ধেক ঘাস দখল করে তা খায়। ফলে বাকিরা প্রকৃতপক্ষে যতটুকু সুবিধা পাওয়ার কথা, তা পায় না। অনেকে আবার একটু সুবিধা পাওয়ার জন্য ওই দুই হরিণের চামচামি করে। এখন যত দিন ওই দুই হরিণ বেঁচে থাকবে, তত দিন অন্যরা প্রকৃত সুবিধা ভোগ করতে পারবে না। এখন এই দুই হরিণ হচ্ছে আমাদের দেশের কতিপয় দুর্নীতিবাজ ও উচ্চপদস্থ কর্মকর্তারা, যাঁরা তৈরি হয়েছেন আমাদের শিক্ষার অব্যবস্থাপনা রাজনৈতিক প্রভাব অথবা সামাজিক অবক্ষয়ের কারণে। আর বাকি ১৪টি হরিণ হচ্ছে সাধারণ জনগণ। এখন একটা ব্যাপার খুবই স্পষ্ট, যে দেশের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু সামাজিক অবক্ষয় বাড়ছে।
সরকারের প্রথমেই করণীয় সামাজিক অবক্ষয় রোধ করা, কারণ এতে দেশেরও লাভ দশেরও লাভ। যেমন আগে যদি কোনো উন্নয়ন প্রকল্প করতে ৫ টাকার জায়গায় ১০ টাকা খরচ হতো, এখন সেখানে ৫ টাকাই খরচ হবে, বাকি ৫ টাকা অন্য উন্নয়নকাজে ব্যয় করা যাবে। তাই সরকারের পাশাপাশি আমাদের নিজেদের স্বার্থে এসব সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসতে হবে। যেখানে অন্যায়-অবিচার, সেখানেই আওয়াজ তুলতে হবে। তবেই আমাদের দেশের প্রকৃতপক্ষে উন্নয়ন হবে।
* আসিফ আল নাঈম, শিক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা