দেশের উন্নয়ন হচ্ছে, আদর্শিক বিচ্যুতিও হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের উদাহরণ। কিন্তু সামাজিক ন্যায়বিচার ও সমতাভিত্তিক উন্নয়ন এখনো কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। একদিকে দেশের উন্নয়ন হচ্ছে, একই সঙ্গে আদর্শিক বিচ্যুতি হচ্ছে।

আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে এসব কথা উঠে আসে। ‘স্বাধীনতার ৪৫ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজ।

আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, দেশে অনেক উন্নতি হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের উদাহরণ। কিন্তু এতে তুষ্ট হওয়ার সুযোগ নেই। দেশে এখনো ধনী-দরিদ্র বৈষম্য রয়ে গেছে। এর ফলে সামাজিক ন্যায়বিচার ও উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তিনি সবার জন্য গুণগত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, কিছু ক্ষেত্রে আরও ‘টার্গেটেড ইনিশিয়েটিভ’ নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শত বাধা পেরিয়ে বাংলাদেশ দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সূচকে দেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু এটি উন্নয়ন নয়, প্রবৃদ্ধি। সমতাভিত্তিক প্রবৃদ্ধি যখন হবে, তখনই প্রকৃত উন্নয়ন হবে। এখন গণদারিদ্র্য কমেছে কিন্তু ধনবৈষম্য বাড়ছে। বাংলাদেশের আদর্শিক বিচ্যুতি হয়েছে, অভিযোগ করে ইতিহাসের এই শিক্ষক প্রশ্ন রাখেন, আজ কেন বাংলাদেশে হেফাজতে ইসলামের দাবির মুখে পাঠ্যপুস্তক বদলে যায়?

বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজের সভাপতি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরওয়ার আলী বলেন, দেশ সমৃদ্ধির পথে এগোচ্ছে। অর্থনীতি ও সামাজিক বিভিন্ন সূচকে অগ্রগতি হয়েছে। কিন্তু চিন্তার বিষয় হলো পরস্পরবিরোধী একটি প্রবণতা দেখা যাচ্ছে। একদিকে প্রবৃদ্ধি ঘটছে, দেশ আধুনিক হচ্ছে, ডিজিটাইজেশন হচ্ছে, কিন্তু সমাজজীবনে তার প্রতিচ্ছায়া নেই। অমুসলিমরা বাংলাদেশকে নিরাপদ মনে করছে না। এটি শুধু সাম্প্রদায়িকতা নয়, এর সঙ্গে সম্পত্তি দখলেরও ব্যাপার আছে।

অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারক আলভী, আইনজীবী তুরিন আফরোজ, বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেলিম প্রমুখ বক্তব্য দেন।