রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তরুণ প্রজন্মের অনাবাসিক বাংলাদেশিদের (এনআরবি) প্রতি দেশের উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁদের দেশের উন্নয়নে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন। খবর ইউএনবি ও বাসসের।
গতকাল বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমেদ।
বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা চেম্বারের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। তাঁরা বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের বিকাশে তাঁরা কাজ করে যাচ্ছেন।
প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
রাষ্ট্রপতি চেম্বারের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং মেধা স্থানান্তর ও বিনিয়োগের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা যাতে অবদান রাখেন, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণে তাঁদের প্রতি আহ্বান জানান।